ষষ্ঠী থেকে দশমী, পুজোয় কি এবার বৃষ্টি? আবহাওয়া দফতরের পূর্বাভাসে আশঙ্কার মেঘ

উৎসবের মরসুমে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার সরাসরি প্রভাব পড়বে দুর্গাপূজার উৎসবের ওপর। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং অনেক জায়গায় মুষলধারে বৃষ্টি হয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টি হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের মতে, আগামী সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে নবমী ও দশমীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

বর্তমানে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় আছে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। অন্যদিকে, বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় দক্ষিণবঙ্গেও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।