প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে যা করল যুবক..? নদীয়ার তাহেরপুরে স্কুলছাত্রীকে কুপিয়ে খুন

নদীয়ার তাহেরপুর থানার কালীনারায়নপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকায় এক মর্মান্তিক ঘটনায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। গভীর রাতে একটি পরিত্যক্ত গোশালা থেকে ওই ছাত্রীর ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই ছাত্রী তার মামার বাড়ি যাচ্ছিল। সেই সময় এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। পরিবারের অভিযোগ, এই সুযোগে অভিযুক্ত যুবক তাকে বাড়ির কাছ থেকেই মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়।

ঘটনার পর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে রাত ১২টার দিকে একটি পরিত্যক্ত গরুর গোশালা থেকে ওই ছাত্রীর মৃতদেহ দেখতে পান। এরপর তাহেরপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, অভিযুক্ত যুবক প্রণজিৎ মণ্ডল ওরফে শুভ-কে জিজ্ঞাসাবাদ করার সময় তার হাতে রক্তের দাগ দেখা যায়। এতে এলাকার মানুষের সন্দেহ আরও ঘনীভূত হয়। পরিবারের সদস্যরা আরও অভিযোগ করেছেন যে, প্রণজিৎ মণ্ডল মাঝেমধ্যেই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত।

স্থানীয় পঞ্চায়েত সদস্যও জানান, প্রায় ছয় মাস আগে তিনি জানতে পেরেছিলেন যে প্রণজিৎ ওই ছাত্রীকে পছন্দ করত। তবে ছাত্রীর পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় তাহেরপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে।