বাদ পড়লেন দুই বিগ বাজেটের সিনেমা থেকে, জবাবে শাহরুখকে নিয়ে বড় ঘোষণা দীপিকার!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি দুটি বড় বাজেটের সিনেমা থেকে বাদ পড়েছেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিনের ‘কল্কি 2898 এডি’-র সিক্যুয়েলে তাকে আর দেখা যাবে না। তবে এই ঘটনায় দীপিকা মোটেই বিচলিত নন। বরং তিনি ফিরেছেন তার সেই পুরনো সতীর্থের কাছে, যার সঙ্গে কাজ করলে তিনি মানসিক শান্তি পান—তিনি হলেন শাহরুখ খান।

শনিবার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে দীপিকা নিজেই এই খবর নিশ্চিত করেছেন। এটি তাদের ষষ্ঠ সিনেমা ‘কিং’, যার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। দীপিকার এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

গত কয়েক মাস ধরে দীপিকার কাজ বেছে নেওয়া নিয়ে নানা বিতর্ক চলছে। ‘স্পিরিট’ থেকে বাদ পড়ার পর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা নাম না করে দীপিকার বিরুদ্ধে ‘কমবয়সী অভিনেতাদের অপমান’ এবং ‘গল্প ফাঁস’ করার অভিযোগ তোলেন। যদিও দীপিকা তখন কোনো মন্তব্য করেননি, তবে একটি অনুষ্ঠানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি কেবল সেই কাজগুলোই করেন, যা তাকে মানসিক শান্তি দেয়।

দুই দিন আগে বৈজয়ন্তী মুভিজ, ‘কল্কি 2898 এডি’-র প্রযোজনা সংস্থা, জানায় যে, ছবির সিক্যুয়েলে দীপিকাকে রাখা হচ্ছে না। এক্স-বার্তায় তারা আরও বেশি ‘দায়িত্ববোধ’ এবং ‘পেশাদারিত্ব’ আশা করেছিল। এই ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছিল এবং এতে দীপিকার সঙ্গে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, প্রভাস ও কমল হাসান।

এমন বিতর্কের ঠিক একদিন পরই দীপিকা তার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে শাহরুখ খানের হাত ধরে থাকতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, “প্রায় ১৮ বছর আগে ‘ওম শান্তি ওম’ সিনেমার শুটিংয়ের সময় সে আমাকে একটা বড় শিক্ষা দিয়েছিল। বলেছিল, সিনেমার অভিজ্ঞতা এবং তুমি যাদের সঙ্গে কাজ করছ, সেটা সাফল্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

দীপিকা আরও জানান, তিনি প্রতিটি সিদ্ধান্তেই এই শিক্ষা কাজে লাগিয়েছেন। আর সম্ভবত সেই কারণেই তারা আবার একসঙ্গে তাদের ষষ্ঠ সিনেমার জন্য একত্রিত হয়েছেন। হ্যাশট্যাগে তিনি সিদ্ধার্থ আনন্দ এবং শাহরুখ খানের সঙ্গে প্রথম দিনের শুটিংয়ের কথা উল্লেখ করেন।

দীপিকার এই পোস্টে তার স্বামী রণবীর সিং-ও শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে দীপিকা ও শাহরুখকে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এ একসঙ্গে দেখা গেছে।

‘কিং’ ছবিতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, অভিষেক বচ্চন প্রমুখ। এর পাশাপাশি, দীপিকা ইতিমধ্যে আল্লু অর্জুনের আসন্ন ছবি ‘AA22xA6’-এর জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন।