‘কল্কি’র সিক্যুয়েল থেকে বাদ পড়লেন দীপিকা! আসল কারণ কী? জানালেন অভিনেত্রী

নাগ অশ্বীনের মেগাবাজেট ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল থেকে বাদ পড়লেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। যদিও প্রথমে শোনা যাচ্ছিল, ৮ ঘণ্টার শুটিং শিডিউল বা আকাশছোঁয়া পারিশ্রমিকের জন্যই এই সিদ্ধান্ত, কিন্তু অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, আসল কারণ একেবারেই ভিন্ন।

প্রথম ছবিতে দীপিকা সুমতী চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। গল্পে তার গর্ভেই জন্ম নিচ্ছিল বিষ্ণুর দশম অবতার কল্কি। তবে সিক্যুয়েলের চিত্রনাট্যে তার চরিত্রের গুরুত্ব কমিয়ে দেওয়া হয়। প্রথমে দীপিকাকে জানানো হয়েছিল, গল্প তার চরিত্রকে কেন্দ্র করেই এগোবে। কিন্তু পরে তাকে জানানো হয় যে, তার স্ক্রিন প্রেজেন্স অনেক কমিয়ে দেওয়া হবে এবং নায়িকার ভূমিকাটি একটি ক্যামিও চরিত্রে পরিণত হবে।

এই খবর জানার পরই দীপিকা এবং তার টিম হতাশ হন। এমন পরিস্থিতিতে দীপিকা নিজেই এই প্রকল্প থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। অর্থাৎ, তাকে বাদ দেওয়া হয়নি, বরং তিনি নিজেই সরে গিয়েছেন।

প্রযোজনা সংস্থা এক্সে (পূর্বতন টুইটার) একটি পোস্টে ঘোষণা করে, “প্রথম ছবিতে আমরা একসঙ্গে কাজ করলেও দ্বিতীয় পর্বে দীপিকার সঙ্গে আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে। এমন প্রকল্পে দায়বদ্ধতা অত্যন্ত জরুরি।” এই পোস্টে অনেকেই ‘অপেশাদারিত্ব’-এর অভিযোগ তুলেছেন, যা বাস্তব পরিস্থিতির থেকে ভিন্ন।

সাম্প্রতিক সময়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ থেকেও বাদ পড়েছিলেন দীপিকা। টানা দুটি বড় বাজেটের ছবি থেকে তার এই প্রস্থান নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে দর্শকদের জন্য এটাই হতাশার খবর যে, ‘কল্কি’-র দ্বিতীয় পর্বে আর দেখা যাবে না দীপিকাকে।

প্রথম ছবিতে তিনি প্রমাণ করে দিয়েছেন যে, কীভাবে একটি পুরুষতান্ত্রিক সিনেমাতেও নারীকেন্দ্রিক চরিত্র সমানভাবে শক্তিশালী হতে পারে। ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মতো ছবিতে শাহরুখ খানের পাশে নিজের উপস্থিতি যেভাবে শক্তিশালী করেছিলেন, ‘কল্কি’তেও তার অভিনয় ছিল সমান ঝাঁঝালো। তাই সিক্যুয়েলে তার অনুপস্থিতি দর্শককে হতাশ করবেই।