বালুচ লিবারেশন আর্মিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তালিকাভুক্তির প্রস্তাব আটকে দিল আমেরিকা!

সম্প্রতি, বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (BLA) এবং তাদের অপারেশন শাখা মাজিদ ব্রিগেডকে ‘বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার জন্য পাকিস্তান ও চীনের যৌথ প্রস্তাবকে রাষ্ট্রসংঘে আটকে দিয়েছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স।

আমেরিকা জানিয়েছে, আল কায়েদা বা আইএসআইএল-এর মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির সঙ্গে বালুচ লিবারেশন আর্মি বা মাজিদ ব্রিগেডের যোগসূত্র প্রমাণের জন্য পর্যাপ্ত তথ্যপ্রমাণ নেই। রাষ্ট্রসংঘের নিয়ম ১২৬৭ ধারা অনুযায়ী, এই ধরনের সংগঠনগুলির ওপর সার্বিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স মনে করে যে, এই মুহূর্তে BLA-এর বিরুদ্ধে সেই ধরনের প্রমাণ নেই।

রাষ্ট্রসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ বলেছেন, আইএসআইএল, আল-কায়েদা, তেহরিক-ই-তালিবান পাকিস্তান এবং বিএলএ-এর মতো জঙ্গি গোষ্ঠীগুলি আফগানিস্তান থেকে সীমান্ত পার করে পাকিস্তানে আক্রমণ চালাচ্ছে। পাকিস্তান ও চীন যৌথভাবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এই সংগঠনগুলিকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার অনুরোধ জানিয়েছিল। আহমেদ আরও বলেন, আফগানিস্তান থেকে উদ্ভূত সন্ত্রাসবাদ পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।

১৯৭০-এর দশকে জুলফিকার আলি ভুট্টোর সরকারের আমলে প্রথম সক্রিয় হয় বালুচ লিবারেশন আর্মি। পরে জেনারেল পারভেজ মোশাররফের আমলে ২০০০ সালের দিকে এই সংগঠনটি আবার শক্তিশালী হয়ে ওঠে। তখন থেকে তারা পাকিস্তানি সেনাবাহিনী এবং সরকারি সংস্থাগুলোর ওপর হামলা চালাচ্ছে। ২০০৬ সালে পাকিস্তান সরকার BLA-কে নিষিদ্ধ ঘোষণা করে।

বিশেষভাবে উল্লেখ্য, বেলুচিস্তানের গোয়াদার গভীর সমুদ্রবন্দর এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পে চীনের বিশাল বিনিয়োগ রয়েছে। ফলে বেইজিংয়ের জন্যও এই সংগঠনটি একটি বড় মাথাব্যথার কারণ। গত মাসে আমেরিকা BLA-কে ‘বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবে ঘোষণা করলেও, রাষ্ট্রসংঘের তালিকাভুক্তিতে বাধা দেওয়ায় আন্তর্জাতিক মহলে এর অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।