সাতসকালে চাষের জমিতে ছিনতাই! হাসুয়া দিয়ে কান কেটে গৃহবধূর সোনার দুল নিয়ে পালাল দুষ্কৃতী

মালদহের কালিয়াচক থানার গঙ্গানারায়ণপুর এলাকায় শুক্রবার সাতসকালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চাষের জমিতে কাজ করতে গিয়ে এক গৃহবধূ ছিনতাইবাজের কবলে পড়েছেন। এক দুষ্কৃতী ধারালো হাসুয়া দিয়ে তার মাথায় আঘাত করে কান কেটে সোনার দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আহত ওই গৃহবধূর নাম চন্দনা মন্ডল।
আক্রান্ত ওই গৃহবধূ জানান, তিনি প্রতিদিনের মতো সকালে জমিতে ঢ্যাঁড়শ ভাঙার জন্য গিয়েছিলেন। হঠাৎ করেই জমির ঝোপ থেকে এক যুবক ধারালো হাসুয়া নিয়ে তার ওপর হামলা করে। সে তার মাথায় আঘাত করে এবং দুই কান কেটে সোনার দুল নিয়ে পালিয়ে যায়। গৃহবধূর চিৎকারে আশেপাশের চাষিরা ছুটে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত গৃহবধূ বলেছেন যে তিনি দুষ্কৃতীকে সামনে থেকে দেখলে চিনতে পারবেন।