২৫ সেপ্টেম্বর পর্যন্ত নো-ফ্লাই জোন! বঙ্গোপসাগরে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ভারত তার সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এই পরীক্ষাগুলি ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে পরিচালিত হবে। পরীক্ষা চলাকালীন বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের একটি বিশাল অংশকে ‘নো-ফ্লাই জোন’ হিসেবে ঘোষণা করে একটি নোটিশ টু এয়ারম্যান (NOTAM) জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর দুপুর ১২:৩০ টা থেকে ২৫ সেপ্টেম্বর বিকেল ৩:৩০ টা পর্যন্ত প্রায় ১,৪৩০ কিলোমিটার দীর্ঘ এই বিশাল অঞ্চলটিতে কোনো বিমান বা জাহাজ প্রবেশ করতে পারবে না। ধারণা করা হচ্ছে, এই সময়ের মধ্যে ভারত তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। রিপোর্ট অনুযায়ী, আসন্ন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাল্লা ১,৫০০ কিলোমিটারের কম হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে ভারত ৫,০০০ কিলোমিটার পাল্লার মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ সফলভাবে পরীক্ষা করেছে। ওড়িশার চাঁদিপুরে পরিচালিত সেই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি সমস্ত কারিগরি ও প্রযুক্তিগত মানদণ্ড পূরণ করেছিল। অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটি সমগ্র এশিয়া, এমনকি চীনের উত্তরাঞ্চল এবং ইউরোপের কিছু এলাকাও কভার করতে পারে। এই ক্ষেপণাস্ত্রটি ভারত মহাসাগরে তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছিল।
উল্লেখ্য, অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাটি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের প্রায় সাড়ে তিন মাস পর করা হয়েছিল, যা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।