কেওয়াইসি ক্যাম্পে তুলকালাম, ব্যাঙ্ক কর্মীদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ, বন্ধ করে দেওয়া হলো অনুষ্ঠান

গ্রাহকদের অভিযোগ শুনেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর রি-কেওয়াইসি (Re-KYC) ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাঙ্ক কর্মীদের বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ চাওয়ার অভিযোগ প্রকাশ্যে আসতেই এই ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর.বি.আই. (RBI) কলকাতা রিজিওনের ডাইরেক্টর শ্রী সুধাংশু প্রসাদ এবং অন্যান্য ব্যাঙ্কের আধিকারিকেরা।

বুধবার কেশপুরের ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের শুরুতে আর.বি.আই. ডাইরেক্টর ব্যাঙ্কে খাতা খোলার সুবিধা সম্পর্কে গ্রাহকদের জানান এবং তাদের কোনো সমস্যা হচ্ছে কি না, তা জানতে চান।

ব্যাঙ্ক কর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
গ্রাহকরা তখন একের পর এক অভিযোগ জানাতে শুরু করেন। তারা বলেন, ব্যাঙ্কে গেলে কর্মীদের অসহযোগিতার শিকার হতে হয়। কেওয়াইসি (KYC) করার জন্য বারবার যাওয়া সত্ত্বেও তা করা হয় না। পাশাপাশি, ব্যাঙ্ক থেকে লোন (Loan) নিতে গেলে অতিরিক্ত টাকা বা ঘুষ দিতে হয় বলেও অভিযোগ করেন তারা। টাকা না দিলে লোন পাস করানো হবে না বলে তাদের জানানো হয়।

গ্রাহকদের এই অভিযোগ শুনে কার্যত অনুষ্ঠান বন্ধ করে দেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকেরা। সংবাদমাধ্যমের কর্মীরা যখন এই বিষয়ে আর.বি.আই. আধিকারিকের কাছে প্রশ্ন করেন, তখন তিনি মুখ লুকিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। একইসঙ্গে সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়।

আর.বি.আই.-এর নিয়ম অনুযায়ী যেখানে গ্রাহকদের সুবিধা দেখার জন্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে, সেখানেই এমন ঘটনা কেন ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কি এই ঘটনার পেছনে কোনো বড় রহস্য লুকিয়ে আছে?