উমা এসেছে! পুজোর আগেই মন মাতাল নতুন গানে, যা শুনলে আপনিও বলবেন ‘অসাধারণ’

দুর্গাপুজো মানেই বাঙালির জীবনে এক অন্যরকম উন্মাদনা, যা ভাষায় প্রকাশ করা যায় না। আলোর ঝলক, ঢাকের বাজনা, ধুনুচি নাচ আর নতুন গানের আবাহন—সব মিলিয়ে এক উৎসবের আবহ তৈরি হয়। সেই আবহকে আরও গভীর করতে এবারে এসেছে গায়িকা-গীতিকার সৌমিতা সাহার নতুন দুর্গাপুজোর গান, ‘উমা এসেছে’। গানটি ইতিমধ্যেই মিউজিক জোন রেকর্ডস-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এবং অল্প সময়েই দারুণ সাড়া ফেলেছে।
উমা এসেছে’ গানটি আসলে দেবী দুর্গার বাবার বাড়িতে ফিরে আসার একটি সুরেলা গল্প। পুরাণ মতে, দেবী উমা সারা বছর কৈলাসে থাকেন এবং প্রতি বছর আশ্বিন মাসে বাবা হিমালয়ের ঘরে ফিরে আসেন। এই ঘরে ফেরার আবেগই দুর্গাপূজার মূল স্পন্দন। সেই সনাতন কাহিনিকে সৌমিতা নিজের লেখা ও সুরে আধুনিক আঙ্গিকে উপস্থাপন করেছেন।
গানটির একটি বিশেষ লাইন “সাজবে উমা ডাকের সাজে” বাঙালির ঐতিহ্যকে নতুন করে মনে করিয়ে দেয়। ব্রিটিশ আমলে ডাকযোগে আসা চকচকে কাগজ ও জরি দিয়ে তৈরি হতো দেবীর বিশেষ সাজ, যা ‘ডাকের সাজ’ নামে পরিচিতি লাভ করে। সৌমিতা তার গানে সেই সাংস্কৃতিক স্মৃতিকে নিপুণভাবে ফিরিয়ে এনেছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে সৌমিতা বলেন, “দুর্গাপুজো আমার জীবনের সবচেয়ে আবেগঘন সময়। ‘উমা এসেছে’ গানে আমি সেই ঘরে ফেরার আনন্দ, ডাকের সাজের নস্টালজিয়া আর ঢাকের তালের হৃদস্পন্দনকে তুলে ধরতে চেয়েছি।”
কথা ও সুরের পাশাপাশি, গানে ঢাকের বাদনও ব্যবহার করা হয়েছে, যা দুর্গাপূজাকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। মহালয়ার ভোর থেকে শুরু করে নবমীর ধুনুচি নাচ, ঢাকের তালে তালে উৎসবের প্রাণ স্পন্দিত হয়। সেই প্রাণকেই সৌমিতা তার গানে অন্তর্ভুক্ত করেছেন, যা শ্রোতাদের আরও কাছে টেনে আনবে। গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত এই মিউজিক ভিডিওটি নিঃসন্দেহে এবারের দুর্গাপূজার একটি সাউন্ডট্র্যাক হতে চলেছে।