‘গণতন্ত্র ধ্বংসকারীদের আড়াল করছে ইসি’! ভোটার তালিকা থেকে ‘সফটওয়্যার চুরির’ অভিযোগ রাহুলের

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আবারও ‘ভোট চুরির’ অভিযোগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, ভোটার তালিকায় অনিয়ম নিয়ে তদন্ত করতে গিয়ে তিনি ‘কেঁচো’ নয় বরং ‘গোখরো’র সন্ধান পেয়েছেন। রাহুল জানান, পরিকল্পিতভাবে সফটওয়্যার ব্যবহার করে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি সরাসরি এই কাজের জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দায়ী করেছেন।
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রের উদাহরণ তুলে ধরেন। তিনি দেখান, কীভাবে সেখানকার ৬,০১৮ জন ভোটারের নাম ভুয়ো অনলাইন আবেদনের মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। রাহুল অভিযোগ করেন, এই কাজে যে মোবাইল নম্বরগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো কর্ণাটকের বাইরের। অর্থাৎ, ঝাড়খণ্ডের মোবাইল নম্বর ব্যবহার করে গুরুগ্রামের ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
রাহুল বলেন, এই চুরির মূল লক্ষ্য হলো বিরোধী দলের ভোটব্যাঙ্ক দুর্বল করা। দলিত, আদিবাসী, সংখ্যালঘু এবং ওবিসি ভোটারদের নাম পরিকল্পিতভাবে মুছে ফেলা হচ্ছে বলে তিনি দাবি করেন।
রাহুল এই ঘটনাকে তার ঘোষিত ‘হাইড্রোজেন বোমা’ নয়, বরং একটি ‘ট্রেলার’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “ভোট চুরিতে সরাসরি মদত করছেন জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশন এই চুরির কথা জানে না এমন নয়, বরং সবটা জানে।” তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ভারতীয় গণতন্ত্রকে ধ্বংসকারীদের আড়াল করছে।
রাহুল গান্ধী বলেন, তিনি সমস্ত প্রমাণ এক সপ্তাহের মধ্যে প্রকাশ করবেন। তিনি বলেন, যদি নির্বাচন কমিশন এই তথ্য প্রকাশ করতে ব্যর্থ হয়, তবে প্রমাণিত হবে যে কমিশন নিজেই অপরাধীদের আড়াল করছে। তিনি আবারও সতর্ক করে দেন যে, ভবিষ্যতে আরও বড় ‘পর্দাফাঁস’ হতে চলেছে, যা হবে তার আসল ‘হাইড্রোজেন বোমা’।
রাহুলের এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি দাবি করেন, রাহুলের ওয়েবসাইটে আপলোড করা নথির মেটাডেটা মিয়ানমারের টাইমজোনে তৈরি হয়েছে, যা ভারতে বানানো হয়নি। বিজেপি অভিযোগ করেছে, রাহুল বিদেশী শক্তিকে ব্যবহার করে বিরোধী জোটের ‘ভোট চুরি’র গল্প ফেঁদেছেন।