নিখোঁজ হলেই আতঙ্ক নয়! পুজোর ভিড়ে নিরাপদে থাকতে কলকাতা পুলিশের এই নম্বরগুলো এখনই সেভ করুন

দুর্গাপূজা মানে শুধু উৎসব নয়, বাঙালির জীবনে এক আবেগ, এক সামাজিক মিলনমেলা। এই সময়টায় পরিবার-পরিজন বা বন্ধুদের সঙ্গে সারারাত ধরে চলে আড্ডা, হুল্লোড় আর শহরজুড়ে প্যান্ডেল হপিং। তবে উৎসবের এই মেজাজে অনেক সময়ই ঘটে যায় অনাকাঙ্খিত ঘটনা। ভিড়ের কারণে বড়রা বা শিশুরা হারিয়ে যেতে পারেন। এমন পরিস্থিতিতে যাতে কেউ আতঙ্কিত না হয়ে পড়েন, সেই জন্য একটি বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ।
লালবাজার সূত্রে জানা গেছে, পুজোর পাঁচ দিন ধরে একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু থাকবে। নম্বরটি হল- 9163737373। এটি পুজোর পঞ্চমী অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকে নবমী অর্থাৎ ১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়াও, যেকোনো জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা খোলা থাকবে লালবাজার কন্ট্রোল রুম। সেখানে ফোন করার জন্য নম্বরগুলি হল: 100, 033-2250-5090, এবং 033-2214-3230। নিখোঁজ সংক্রান্ত অভিযোগ থাকলে সরাসরি যোগাযোগ করা যাবে লালবাজারের ‘মিসিং পার্সন স্কোয়াড’-এর সঙ্গে। তাদের নম্বর হল 033-2250-5153 এবং 033-2214-1835। পাশাপাশি, দক্ষিণ ২৪ পরগনার জেলা শিশু সুরক্ষা আধিকারিকের নম্বর 1098-তেও সাহায্য পাওয়া যাবে।
কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দুর্গাপুজোয় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান অগ্রাধিকার। তাই শুধু অতিরিক্ত নিরাপত্তা নয়, নিখোঁজ সংক্রান্ত বিষয়গুলিতেও বিশেষ নজর রাখা হচ্ছে। এই হেল্পলাইন চালু হলে যেকোনো জরুরি পরিস্থিতিতে মানুষ দ্রুত এবং নির্ভরযোগ্য সাহায্য পাবে।
ইতিমধ্যেই শহরের প্রতিটি মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দেবীপক্ষের সূচনা থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে পুলিশ। এই বিশেষ উদ্যোগের ফলে আশা করা যায়, এবারের দুর্গাপূজায় উৎসবের আনন্দ থাকবে নিরবচ্ছিন্ন।