পেট্রোলের মাইলেজ কি সত্যি কমছে? মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী, ইথানল মিশ্রণ নিয়ে বড় ঘোষণা

দেশে পেট্রোলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মেশানো (E20) নিয়ে যখন তীব্র বিতর্ক চলছে, তখন এই প্রসঙ্গে মুখ খুলেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। স্পষ্ট জানিয়েছেন, আপাতত পেট্রোলে ইথানলের পরিমাণ আর বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। মঙ্গলবার কেপিএমজি ENRich 2025 অনুষ্ঠানে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য পূরণের কথা থাকলেও, তা ছয় বছর আগেই পূরণ হয়েছে। তাই এখন আর ইথানলের পরিমাণ বাড়ানোর কোনো প্রশ্নই নেই।
মাইলেজ কমছে কি না, জানালেন মন্ত্রী
দেশজুড়ে E20 চালু হওয়ার পর থেকেই বহু গাড়িচালক অভিযোগ করছেন যে, ইথানল মেশানো পেট্রোলে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে এবং জ্বালানি দক্ষতা হ্রাস পাচ্ছে। তবে মন্ত্রী এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন। তাঁর মতে, পুরো “ইকোসিস্টেম” ধীরে ধীরে এই নতুন পরিবর্তনকে গ্রহণ করছে। পুরী বলেন, “যে সব গল্প শোনা যাচ্ছে, তা বাস্তব নয়। আমাদের দেখতে হবে পুরো পরিবেশ কতটা এই পরিবর্তনকে শোষণ করছে। তারপরই ভবিষ্যতে কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হবে।”
সুফল পাচ্ছেন কৃষক ও দেশ
২০১৪ সালে দেশে ইথানল মিশ্রণের পরিমাণ ছিল মাত্র ১.৪ শতাংশ, যা ২০২২ সালের নভেম্বরেই ১০ শতাংশে পৌঁছেছে। সরকারের দাবি, এর ফলে ১.৪০ লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে এবং ১.২০ লক্ষ কোটির বেশি টাকা সরাসরি কৃষকদের হাতে পৌঁছেছে। একইসঙ্গে, লক্ষ লক্ষ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমানো সম্ভব হয়েছে।
যদিও এই মিশ্রণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল, যেখানে আবেদনকারীরা ‘ইথানল-ফ্রি পেট্রোল’-এর সুযোগ চেয়েছিলেন। তবে শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দেয়। মন্ত্রী ইথানলের পাশাপাশি সবুজ হাইড্রোজেন নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, ভারত শীঘ্রই সবুজ হাইড্রোজেন উৎপাদনে আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা অর্জন করবে। সব মিলিয়ে, একদিকে পরিবেশবান্ধব জ্বালানির লক্ষ্য এবং অন্যদিকে ভোক্তাদের বাস্তব অভিজ্ঞতার দ্বন্দ্বই এই বিতর্কের মূল কারণ।