বিশ্বকর্মা পুজো উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিলেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী

বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার এক্স (আগে টুইটার) বার্তায় সুকান্ত মজুমদার সংস্কৃত শ্লোকের মাধ্যমে নিজের শুভেচ্ছা প্রকাশ করেন। তিনি লিখেছেন, “দেবশিল্পীন্ম হাভাগ দেবানাং কার্যসাধকঃ। বিশ্বকর্মন্নমস্তুভ্যং সর্বাভীষ্টপ্রদায়ক॥” অর্থাৎ, হে দেবশিল্পী, আপনি দেবতাদের কার্যসাধন করেন এবং সকলের অভীষ্ট পূরণ করেন। তাঁর এই শ্লোক শেষে সুকান্ত মজুমদার লিখেছেন, “বিশ্বকর্মার পূজার পবিত্র দিনে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তাঁর আশীর্বাদে সকলের কর্মক্ষেত্র হোক সমৃদ্ধ, সফল ও সৃজনময়।”
অন্যদিকে, শুভেন্দু অধিকারীও এক্স বার্তায় নিজের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, “সকলকে জানাই স্থাপত্য, শিল্প, সৃষ্টির দেবতা, দেবশিল্পী শ্রীশ্রী বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
দুই বিজেপি নেতার এই শুভেচ্ছাবার্তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। তাঁদের অনুরাগীরাও সেই বার্তায় তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিল্প ও কর্মের দেবতার কাছে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।