শিক্ষাঙ্গনে পুলিশের দাদাগিরি! প্রতিবাদী ছাত্রীদের গায়ে হাত তোলার অভিযোগ, ভিডিও প্রকাশ করে ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী

রাজারহাট আন্নাকালী গার্লস হাই স্কুলের ছাত্রীদের ওপর এক পুলিশ অফিসারের ‘হামলা’র অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সামাজিক মাধ্যম এক্স (পূর্বে টুইটার) ও ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলেন, স্কুলের বাংলার শিক্ষক দীর্ঘ আট মাস ধরে অনুপস্থিত থাকার প্রতিবাদ করায় ছাত্রীদের হেনস্তা করা হয়েছে।

ভিডিওতে রাজারহাট থানার আইসি জোনাকি বাগচিকে স্কুলের ভেতরে প্রবেশ করে ছাত্রীদের গায়ে হাত তুলতে এবং ঘুষি মারতে দেখা যাচ্ছে বলে শুভেন্দু অধিকারী দাবি করেন। এই ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এই চোদ্দ বছরে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থাকে লাটে তুলে দিয়েছেন। রাজ্যে প্রায় সাড়ে আট হাজারের উপর সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, যে কয়েকটি স্কুল চালু আছে, সেগুলোর অবস্থা এতটাই খারাপ যে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েরাও বাধ্য হয়ে প্রাইভেট স্কুলে পড়ছে।

শুভেন্দু অধিকারী বলেন, শুধুমাত্র স্কুলের বাংলার শিক্ষক দীর্ঘ আট মাস ধরে কেন আসেন না, তার প্রতিবাদ জানানোর জন্য ছাত্রীদের ওপর এই ধরনের অরাজকতা চলছে। তিনি এই ‘গুণ্ডা আইসি’-র বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকে নজর রাখবেন বলেও জানান।

শুভেন্দু তাঁর ফেসবুক পোস্টে ছাত্রীদের স্বাক্ষর করা একটি অভিযোগপত্রও সংযুক্ত করেছেন, যেখানে শিক্ষকের অনুপস্থিতির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এই ঘটনা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।