আতঙ্ক পশ্চিম বর্ধমানের কাঁকসায়! অস্বাভাবিক পেট ফুলে মৃত্যু হচ্ছে একের পর এক গরুর, কারণ কী?

হঠাৎ করেই একের পর এক গবাদি পশুর অস্বাভাবিক মৃত্যুতে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের কাঁকসার মলানদিঘীর সরস্বতীগঞ্জ এলাকায়। গত দুই-তিন দিনের মধ্যে প্রায় ১২ থেকে ১৪টি গবাদি পশুর মৃত্যু হয়েছে, যার কারণ এখনো অজানা। এই রহস্যজনক ঘটনায় দিশাহারা হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা।

মৃত পশুর মালিকদের অভিযোগ, দুপুরে মাঠে চরানোর পর গরুগুলো সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছিল। কিন্তু রাত পেরোতেই অবস্থার অবনতি হতে শুরু করে। ভোরবেলায় গোয়াল খুলতেই দেখা যায়, আদরের গরুগুলো মারা গেছে।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, প্রথমে গরুর পেট অস্বাভাবিকভাবে ফুলে উঠছে এবং এর কয়েক মুহূর্তের মধ্যেই নিঃশ্বাস বন্ধ হয়ে তারা মারা যাচ্ছে। ঠিক কী কারণে এমন হচ্ছে, তা কেউ বুঝতে পারছে না। রহস্যময় এই রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

এই পরিস্থিতিতে স্থানীয় ব্লক প্রাণী দপ্তর এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। তাদের অভিযোগ, কর্মকর্তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। ফলে নিজেদের সর্বস্ব হারিয়ে চাষিরা এখন চরম দুশ্চিন্তা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। বহু চাষি তাদের একমাত্র উপার্জনের উৎস গরু হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। দ্রুত এর কারণ খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন তারা।