বিজেপির গ্রাম পঞ্চায়েত, তবুও সমবায়ে জয়ী তৃণমূল! মহিষাদলে জোরদার রাজনৈতিক লড়াই

পূর্ব মেদিনীপুরের মহিষাদলে, যেখানে গ্রাম পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করেছিল, সেখানেই সমবায় সমিতির নির্বাচনে জিতে বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস। এই জয়ের পর যেমন তৃণমূলের নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তেমনি হেরেও ‘খেলা হবে’ বলে হুঙ্কার দিয়েছে বিজেপি।

মঙ্গলবার মহিষাদল ব্লকের লক্ষ্যা-১ গ্রাম পঞ্চায়েতের চকগাজীপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪৪টি আসনের মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থীরা ২৮টি আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বোর্ড গঠন করেছে। বিজেপি পেয়েছে ১৫টি আসন এবং সিপিএম ও কংগ্রেস জোট পেয়েছে ১টি।

বিজেপির ‘খেলা হবে’ হুঙ্কার

এই নির্বাচনে হেরেও বিজেপি সমর্থকরা উচ্ছ্বসিত। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, “আগে এই সমবায়ে আমাদের একটিও আসন ছিল না। শূন্য থেকে আমরা ১৫টি আসনে জিতেছি। এইবার খেলা হবে। দুর্নীতির মুখোশ খুলে দেব।”

পাল্টা জবাব তৃণমূলের

বিজেপির এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলককুমার চক্রবর্তী। তিনি বলেন, “বিজেপি অভিযোগ করে, তৃণমূল জোর করে সমবায়ে জয়লাভ করে। কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছে বলেই ওরা আসন পেয়েছে। মানুষ এখন বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ২০২৬ সালে ওদের খাতা পুরো বন্ধ হয়ে যাবে।”

নির্বাচন ঘিরে এদিন এলাকায় ব্যাপক উত্তেজনা ছিল। রাজনৈতিক গন্ডগোল এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। ১০৯০ জন ভোটারের মধ্যে ৮৮৯ জন ভোট দিয়েছেন। ফল প্রকাশের পর দু’দলই উল্লাসে মেতে ওঠে।