গলায় বিষধর সাপ, হাতে কিলবিল করছে! নাগপঞ্চমীতে এই দৃশ্য দেখেই শিউরে উঠছে নেটপাড়া, কোথায় জানেন?

শ্রাবণ মাসে সারা দেশে নাগ দেবতার আরাধনা হলেও বিহারের নাগপঞ্চমী উৎসবের রীতি একেবারেই ভিন্ন। এখানে ভক্তরা জীবন্ত সাপ নিয়ে ঈশ্বরের আরাধনা করেন, যা একাধারে যেমন বিস্ময়কর তেমনই হাড়হিম করা। সম্প্রতি এই উৎসবের একটি ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই শিউরে উঠছেন। সামাজিক মাধ্যমে এই প্রথাকে ঘিরে চলছে তীব্র বিতর্ক।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিহারের সমস্তিপুর জেলার সিঙ্ঘিয়া ঘাট এই প্রথার মূল কেন্দ্র। এখানে গত ৩০০ বছরেরও বেশি সময় ধরে এই বাৎসরিক নাগপঞ্চমী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথা অনুযায়ী, ভক্তরা প্রথমে মা ভগবতী মন্দিরে পুজো দেন এবং তারপর জীবন্ত বিষধর সাপ হাতে নিয়ে বুড়ি গণ্ডক নদীর দিকে এগিয়ে যান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিশু থেকে বৃদ্ধ— সবার হাতেই কিলবিল করছে বিষধর সাপ। কেউ অবলীলায় সাপ গলায় জড়িয়েছেন, আবার কেউ সাপ জড়ানো লাঠি হাতে মিছিলে হাঁটছেন। বিহারের মিথিলা অঞ্চলের বেগুসরাই, মুজফ্ফরপুর, খাগারিয়া এবং সহরসা-সহ বিভিন্ন জেলা থেকে ভক্তরা এই মেলায় অংশ নেন। তাঁরা সর্পদেবী মাতা বিষহরির নামে জয়ধ্বনি দিতে দিতে বিভিন্ন আচার পালন করেন। এমনকি কেউ কেউ মুখ দিয়ে সাপ ধরে পরে সেটিকে সাবধানে কাছের জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন।

এই প্রথাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে অনেকেই এটি ‘পশুর উপর নিষ্ঠুরতা’ বলে মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “সাপদের উপর অত্যাচার করে আধ্যাত্মিকতা হয় কীভাবে? ওদের প্রাকৃতিক পরিবেশে শান্তিতে থাকতে দিন।” অন্য একজন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “যুবকদের মাথায় উত্তেজিত সাপ তুলে মিছিলে হাঁটতে উৎসাহ দেওয়াটা তাদের অসংবেদনশীল করে তোলা ছাড়া আর কিছুই নয়।”

অন্যদিকে, স্থানীয় সূত্রে খবর, এত সাপ নিয়ে বিশাল জমায়েত হলেও আজ পর্যন্ত এই মেলায় সাপের কামড়ে কোনো দুর্ঘটনার রেকর্ড নেই। এই প্রথা বিশ্বাস এবং বিতর্কের এক অদ্ভুত সহাবস্থান তৈরি করেছে, যা সিঙ্ঘিয়া ঘাটের নাগপঞ্চমীকে এক স্বতন্ত্র পরিচয় দিয়েছে।