রক্তাক্ত ভাঙড়! তৃণমূল-আইএসএফ সংঘর্ষের নেপথ্যে কী? চাঞ্চল্য ছড়াল এলাকায়

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আবারও তৃণমূল কংগ্রেস (TMC) এবং আইএসএফ-এর (ISF) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। মঙ্গলবার রাতে হাতিশালা সিক্স-লেন এলাকায় এই সংঘর্ষে তৃণমূল কর্মী আসরাফুল মোল্লাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় হাতিশালা ইনফোসিসের সামনে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আড্ডা দিচ্ছিলেন। সেখানে তৃণমূল কর্মী আসরাফুল মোল্লা তার অনুগামীদের নিয়ে উপস্থিত ছিলেন। একই সময়ে, আইএসএফ নেতা কারিমুল ইসলামও তার অনুগামীদের নিয়ে সেখানে ছিলেন।
অভিযোগ, প্রথমে দু’পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। এরপরই তারা লাঠি এবং রড নিয়ে একে অপরের ওপর চড়াও হন। সংঘর্ষে আসরাফুল মোল্লার মাথা ফেটে যায় বলে জানা গেছে। খবর পেয়ে অন্যান্য তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে আইএসএফ কর্মীরা সেখান থেকে চলে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের দাবি, আইএসএফ-এর নেতা কারিমুলের নেতৃত্বে এই হামলা পূর্বপরিকল্পিত ছিল। তারা বলেন, “ওরা অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি ছিল। আমাদের নেতাদের প্রাণে মারার ষড়যন্ত্র চলছিল।”
তবে আইএসএফ নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে সম্পূর্ণ উল্টো দাবি করেছেন। তাদের মতে, তৃণমূল কর্মীরাই প্রথম তাদের উপর হামলা চালায়। এই ঘটনার পর এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি, তবে তদন্ত ও তল্লাশি চলছে।