‘১ টাকা ভাড়ায় ১০৫০ একর জমি’! আদানিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ কংগ্রেসের

ভোটের হাওয়ায় উত্তাল বিহারের রাজনীতি। এরই মধ্যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল কংগ্রেস। তাদের দাবি, বিহারের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার জন্য শিল্পপতি গৌতম আদানির সংস্থাকে ১ টাকায় ১০৫০ একর জমি দেওয়া হচ্ছে। এই বিপুল পরিমাণ জমি ৩৩ বছরের চুক্তিতে আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস।
কংগ্রেস নেতা পবন খেরা এই অভিযোগ তুলে একটি সাংবাদিক সম্মেলন করেন। তাঁর দাবি, বিহারে “ডাবল লুঠ” চলছে। তিনি বলেন, “বিহারের মাটিতে, বিহারের কয়লায়, বিহারের টাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, আর সেই বিদ্যুৎই সাধারণ মানুষকে চড়া দামে কিনতে হবে।” পবনের অভিযোগ, আদানি গোষ্ঠী প্রতি ইউনিট বিদ্যুৎ ৬.৭৫ টাকা দরে বিক্রি করবে, যেখানে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে বিদ্যুতের দাম ৩-৪ টাকা।
তিনি আরও বলেন, “মোদি সরকার আদানি গোষ্ঠীকে ১০ লক্ষ গাছ সহ ১০৫০ একর জমি বার্ষিক মাত্র ১ টাকা ভাড়ায় দিতে প্রস্তুত। ২১,৪০০ কোটি টাকার এই ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের জন্য কৃষকদের জমি জোর করে নেওয়া হচ্ছে। প্রতিবাদ যাতে না করতে পারে, তাই অনেক কৃষককে গৃহবন্দী করে রাখা হয়েছে।”
পবন খেরার দাবি, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে নির্বাচনের আগে যেভাবে আদানিকে বিভিন্ন প্রকল্পের বরাত দেওয়া হয়েছিল, বিহারেও সেই একই কৌশল নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, যেখানে পরাজয়ের সম্ভাবনা থাকে, সেখানে আগেভাগে আদানিদের ‘উপহার’ দেওয়া হয়।
স্থানীয় সূত্রের খবর, যে জমিতে তাপবিদ্যুৎ কেন্দ্রটি হবে, সেটি একটি বাগান এবং সেখানে প্রায় ১০ লক্ষ আম গাছ আছে। অভিযোগ উঠেছে, সেই সমস্ত গাছ কেটে ফেলা হবে এবং কৃষকদের জমির কম দাম দিয়ে জোর করে সই করানো হয়েছে। কংগ্রেসের মতে, বিহারের জমি, বিহারের অর্থ এবং বিহারের কয়লা ব্যবহার করে উৎপাদিত বিদ্যুৎ চড়া দামে বিহারের মানুষের কাছেই বিক্রি করা হবে, যা একটি ‘ডাবল লুঠ’-এর সামিল।