শাহরুখের ছেলে হওয়ার চ্যালেঞ্জ! আরিয়ানকে নিয়ে অকপট ববি দেওল

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় তৈরি হওয়া ডেবিউ সিরিজ ‘দ্য ব্যাডাস অফ বলিউড’-এ কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ববি দেওল। এক সাক্ষাৎকারে ববি জানিয়েছেন, আরিয়ানের পরিচালনায় কাজ করার সময় তাঁর মধ্যে ‘পিতৃতুল্য ভাব’ জেগে উঠেছিল।

ববি বলেন, “আমারও দুটি ছেলে আছে, এবং তারাও এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়। তাই আমি বুঝতে পারি যে, একজন সুপারস্টারের সন্তান হিসেবে নিজেদের একটা আলাদা পরিচয় তৈরি করা কতটা কঠিন। শাহরুখ খানের ছেলে হিসেবে আরিয়ানের জন্য এটা সহজ ছিল না। কিন্তু আমার মনে হয়, এই ছেলেটা একেবারেই নির্ভীক।”

ববি আরও জানান, “আরিয়ানের মধ্যে একটা বিশেষ আগুন আছে, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। যখন সে আমাকে পরিচালনা করছিল, আমি নিজেকে খুব খুশি এবং ভাগ্যবান মনে করছিলাম, যেন আমার নিজের ছেলে আমাকে পরিচালনা করছে।”

ববি দেওল আরও বলেন, আরিয়ান কেবল পরিচালনাই নয়, শট বোঝানোর ক্ষেত্রেও খুব পারদর্শী। তিনি প্রতিটি শট খুব গভীর থেকে বুঝে নিতেন এবং প্রয়োজনে অনেক টেক নিতেন, কারণ তিনি জানতেন যে, শিল্পীর কাছ থেকে তিনি ঠিক কী চান।

আরিয়ান খানের প্রথম সিরিজ ‘দ্য ব্যাডাস অফ বলিউড’ ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এই সিরিজে ববি দেওল একজন সুপারস্টার অজয় তালোয়ারের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি একজন উঠতি তারকা করিশ্মা তালোয়ারের বাবা।