লোকসভা নির্বাচনের আগেই চরম তৎপরতা! রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দিলেন বড় নির্দেশ

আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনে বিশেষ তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল সম্প্রতি একটি বিশেষ নির্দেশ দিয়েছেন। জানা গেছে, রাজ্যে ১৫ কোটি স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) ফর্ম ছাপানোর প্রস্তুতি শুরু হয়েছে। অবাক করা বিষয়, রাজ্যের মোট ভোটারের সংখ্যার প্রায় দ্বিগুণ এই ফর্ম ছাপানো হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, জাতীয় নির্বাচন কমিশন থেকে প্রতিটি ভোটারের নামসহ তথ্যসমৃদ্ধ ফর্ম অনলাইনে পাঠানো হবে, আর সেগুলো আসার পরই ছাপানোর কাজ শুরু হবে।

কেন এই বিপুল পরিমাণ ফর্ম ছাপানো হচ্ছে?

সারা দেশে ভোটার তালিকা আরও নির্ভুল করার জন্য নির্বাচন কমিশন একটি নতুন পদ্ধতি গ্রহণ করতে চলেছে, যা ‘বিহার মডেল’ নামে পরিচিত। এর আওতায়, প্রতিটি রাজ্যের আগের স্পেশাল ইনটেনসিভ রিভিশন তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই রাজ্য জুড়ে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) চালানো হবে।

ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৪ হাজার সরকারি আধিকারিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী ২১-২২ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের ৭৫ হাজার বুথ লেভেল অফিসার (বিএলও)-কে প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিএলও-রাই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করবেন এবং প্রয়োজনীয় ফর্ম পূরণে সহায়তা করবেন।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যকে এই প্রস্তুতির কাজ শেষ করতে হবে। সব ঠিক থাকলে অক্টোবর মাস থেকেই সারা দেশে এই বিশেষ প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।