আবার নোটবন্দি! বাজার থেকে কি বাতিল হচ্ছে ৫০০ টাকার নোট? সত্যিটা জানাল কেন্দ্র

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর, যেখানে দাবি করা হচ্ছে যে সরকার ৫০০ টাকার নোট বাতিল করতে চলেছে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে নোটবন্দির মতো পরিস্থিতি ফিরে আসার আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) একটি ফ্যাক্ট-চেক প্রকাশ করে নিশ্চিত করেছে যে, ৫০০ টাকার নোট বাতিল বা বাজার থেকে তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকারের নেই। ভবিষ্যতেও এই নোট সম্পূর্ণ বৈধ মুদ্রা হিসেবে চলবে।

এই বিভ্রান্তির সূত্রপাত হয়েছে RBI-এর একটি সাম্প্রতিক নির্দেশিকা থেকে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি ATM-এ কমপক্ষে একটি ক্যাসেটে ১০০ বা ২০০ টাকার নোট রাখা বাধ্যতামূলক। এই পদক্ষেপের উদ্দেশ্য হল সাধারণ মানুষের কাছে ছোট অঙ্কের নোটের সহজলভ্যতা নিশ্চিত করা। কিন্তু এই নির্দেশিকাকে ভুলভাবে ব্যাখ্যা করে কিছু ব্যক্তি বা গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়িয়েছে, যার ফলে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, দেশের লেনদেন ব্যবস্থা স্বাভাবিকভাবেই চলছে এবং ৫০০ টাকার নোট ব্যবহারে কোনো বিধিনিষেধ নেই। এটিএম থেকে শুরু করে বাজার— সর্বত্র এই নোট ব্যবহার করা যাবে।

সাধারণ মানুষের প্রতি পরামর্শ, কোনো তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই তা সরকারি বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ থেকে যাচাই করে নিন। PIB বারবার মনে করিয়ে দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্যের ওপর অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। RBI-এর অফিশিয়াল ওয়েবসাইট বা সরকারের অফিসিয়াল বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকা উচিত।