নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, ডিজিটাল ভোটার তালিকা তৈরিতে এবার ‘বিশেষ’ পদক্ষেপ!

ডিজিটাল ভোটার তালিকা তৈরির লক্ষ্যে এবার কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ২০০২ সালের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) এবং বর্তমান ভোটার তালিকার মধ্যে নাম মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছে তারা। লক্ষ্য একটাই – একটি সম্পূর্ণ এবং নির্ভুল ডিজিটাল ডেটাবেস তৈরি করা, যাতে সাধারণ মানুষ সহজেই অনলাইনে তাদের ভোটার তালিকা দেখতে পারেন।
কমিশনের এই নির্দেশ পাওয়ার পর রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস সমস্ত জেলার নির্বাচনী আধিকারিকদের ২০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, একসময় এই কাজটি ওয়েবেল-কে দেওয়া হলেও সেই ডেটা পাওয়া যায়নি। তাই ২০০৩ সালের পিডিএফ ফরম্যাটে থাকা খসড়া তালিকা ব্যবহার করা হচ্ছে।
এই কাজে ব্যবহার করা হবে বুথ লেভেল অফিসারদের (BLOs)। প্রতিটি BLO-কে তার বুথের ২০০২ সালের SIR-এর প্রকাশিত এবং বর্তমান ভোটার তালিকার হার্ড কপি দিয়ে কাজ শুরু করতে বলা হয়েছে। তাদের কাজ হলো এই দুই তালিকার মধ্যে যেসব ভোটারের নাম মিলছে, তাদের চিহ্নিত করা। যদি কোনও ভোটারের নাম ২০০২ সালের তালিকায় না থাকে, তবে বাবা-মায়ের নাম দেখে তা মিলিয়ে নিতে হবে।
প্রতিটি ভোটারের বিধানসভা কেন্দ্র, পার্ট এবং সিরিয়াল নম্বর কমিশনের নির্দিষ্ট ফরম্যাটে লিপিবদ্ধ করতে হবে। প্রয়োজনে পাশের বুথের তালিকাও দেখতে পারবেন BLO-রা, কারণ অনেকে ঠিকানা বদল করেছেন। এই পুরো প্রক্রিয়াটি BLO সুপারভাইজার এবং এআরও-দের তত্ত্বাবধানে হবে। কাজ শেষ হলেই জেলা নির্বাচনী আধিকারিকদের সাহায্যে সিইও পোর্টালে এই ডেটা আপলোড করা হবে।