‘যাঁরাই অনুপ্রবেশকারী, তাঁদের যেতেই হবে’, অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের কড়া বার্তা দিলেন মোদি!

ভোটমুখী বিহারে ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়ার মধ্যেই অনুপ্রবেশের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বিহারের পূর্ণিয়ায় এক নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে তিনি কংগ্রেস ও আরজেডি-কে সরাসরি নিশানা করেন।
‘বিহারের পরিচয়কেই শঙ্কায় ফেলে দিয়েছে’
মোদি তার বক্তব্যে অভিযোগ করেন, ‘‘কংগ্রেস এবং আরজেডি শুধুমাত্র বিহারের সম্মান নষ্ট করেনি, বরং বিহারের পরিচয়কেই বিপন্ন করে তুলেছে। বর্তমানে, গোটা সীমান্ত এবং পূর্ব ভারতের ভূ-সামাজিক প্রেক্ষাপট সমস্যার মুখে দাঁড়িয়ে রয়েছে। বিহার, বাংলা, অসম সহ একাধিক রাজ্য অনুপ্রবেশকারীদের কারণে তাদের মা-বোনেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘এই কারণেই আমি লালকেল্লা থেকে ভূ-রাজনৈতিক মিশনের কথা ঘোষণা করেছিলাম। কিন্তু ভোটব্যাংকের লোভে কংগ্রেস, আরজেডি এবং তাদের বন্ধুরা নির্লজ্জভাবে অনুপ্রবেশকারীদের পক্ষে কথা বলছে এবং তাদের বাঁচাতে যাত্রা বের করছে।’’
‘যাঁরাই অনুপ্রবেশকারী, তাঁদের যেতেই হবে’
প্রধানমন্ত্রী বলেন, এই বিরোধী দলগুলো চায় যে বিহার তথা দেশের সম্পদ এবং নিরাপত্তা বিপন্ন হোক। এরপর তিনি কড়া ভাষায় বলেন, ‘‘আজ পূর্ণিয়া থেকে আমি এটা বলতে চাই, আরজেডি এবং কংগ্রেসের লোকজন, কান খুলে শুনে নিন, যাঁরাই অনুপ্রবেশকারী, তাঁদের যেতেই হবে। এটা এনডিএ-র প্রতিজ্ঞা, দায়িত্ব যে তারা অনুপ্রবেশ আটকাবেই।’’
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিহার নির্বাচনের আগে অনুপ্রবেশের মতো ইস্যুকে সামনে এনে মোদি মূলত বাংলা ও বিহারের মতো সীমান্তবর্তী রাজ্যগুলোতে রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করতে চাইছেন। এই ইস্যুটি আসন্ন নির্বাচনে একটি প্রধান রাজনৈতিক অস্ত্র হতে পারে।