শেষকৃত্য সেরে ফেরার পথে মর্মান্তিক পরিণতি! ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় একই পরিবারের ৭ সদস্যের মৃত্যু

এক আত্মীয়ের শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু তাঁদের বাড়ি ফেরা আর হল না। পথেই সব শেষ হয়ে গেল। এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় দুই পরিবারের মোট সাতজন সদস্য প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনাটি ঘটেছে জয়পুরে, যেখানে হরিদ্বার থেকে ফেরার পথে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি আন্ডারপাসে উল্টে যায়।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে জয়পুরের শিবদাসপুরা থানার অন্তর্গত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই এটি ১৬ ফুট গভীর একটি আন্ডারপাসের খাদে ছিটকে পড়ে উল্টে যায়।

রবিবার ভোরে স্থানীয়রা দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। কয়েক ঘণ্টার উদ্ধারকাজ শেষে গাড়ি ও যাত্রীদের উদ্ধার করা হয়। পুলিশ আধিকারিক সৌরেন্দ্র সাইনি জানান, গাড়ির ভেতরে থাকা সাতজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান, যাদের মধ্যে দুই নাবালকও ছিল। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গত জুলাই মাসে মহারাষ্ট্রের নাসিকেও একই ধরনের একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। এক জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি অল্টো গাড়ির। সংঘর্ষের পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালের জলে পড়ে যায়। গাড়ির ভেতর আটকা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে সাতজনের মৃত্যু হয়, যাদের মধ্যে দুই বছরের একটি শিশুও ছিল। বাইক আরোহীরা আহত হলেও প্রাণে বেঁচে যান।