‘আমাকে বাজে অভিনেতা বলত’, কেরিয়ারের শুরুর দিনগুলো নিয়ে মুখ খুললেন স্মৃতি ইরানি

অভিনেত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সম্প্রতি তার জীবনের শুরুর দিকের কঠিন লড়াইয়ের কথা বলেছেন। একটি পডকাস্টে তিনি জানান, কেরিয়ারের শুরুতে মানুষ তাকে ‘বাজে অভিনেতা’ বলত এবং তার সহ-অভিনেতা পুরুষরা তার চেয়ে বেশি পারিশ্রমিক পেতেন।
স্মৃতি ইরানি তার প্রথম কাজ প্রসঙ্গে বলেন, দিল্লির জনপথে তিনি প্রতিদিন মাত্র ২০০ টাকা বেতনে কাজ করতেন। অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সময় তিনি তার বাবার কাছ থেকে ঋণ নিয়েছিলেন, এবং বাবা তাকে শর্ত দিয়েছিলেন যে, যদি তিনি দেড় বছরের মধ্যে সেই টাকা ফেরত দিতে না পারেন, তবে তাকে বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে হবে।
সোহা আলি খানের পডকাস্টে স্মৃতি বলেন, “আমি যেখানেই যেতাম, লোকেরা বলত আমি একজন খারাপ অভিনেতা। কিন্তু আমি যে সিরিয়ালে কাজ করতাম, সেখানে পুরুষ অভিনেতারা আমার চেয়ে বেশি পারিশ্রমিক পেতেন।”
স্মৃতি আরও স্বীকার করেছেন যে, কেরিয়ারের শুরুতে তিনি তেমন সুযোগ পাননি। এমনকি তিনি তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন, “আমি কতদিন কারও মেয়ে বা স্ত্রী হিসাবে বাঁচব?”
আজকের স্মৃতি যদি ২৫ বছর আগের তুলসীকে কোনো পরামর্শ দিতেন, তাহলে কী বলতেন? এমন প্রশ্নের জবাবে তিনি হেসে উত্তর দেন, “আরও ভালো পারিশ্রমিক নেওয়া উচিত ছিল।”
স্মৃতি ইরানি ১৯৯৪ সালে মডেলিং এবং অভিনয় দিয়ে তার কেরিয়ার শুরু করেন। তিনি ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ ধারাবাহিকে তুলসী বিরানি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর ২০০৩ সালে তিনি বিজেপিতে যোগ দেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীর কাছে হেরে গেলেও ২০১৯ সালে তাকে পরাজিত করে লোকসভায় জায়গা করে নেন। যদিও ২০২৪ সালের নির্বাচনে তিনি কেএল শর্মার কাছে হেরে যান। বর্তমানে তিনি আবার ‘কিউকি সাস ভি কাভি বহু থি রিবুট’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরে এসেছেন।