অশোকনগরে খুন প্রাক্তন সিআরপিএফ জওয়ান, গ্রেফতার বিএসএফ কর্মী ও তাঁর বন্ধু

উত্তর ২৪ পরগনার অশোকনগরে এক প্রাক্তন সিআরপিএফ জওয়ানকে খুনের অভিযোগে এক বিএসএফ কর্মী-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত বিএসএফ কর্মীর নাম অভিজিৎ হালদার এবং তার সহযোগী শম্ভু পাল। দু’জনকেই জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

গত ৪ আগস্ট অশোকনগরের বুজরুক দিঘা দোগাছিয়া এলাকায় রাস্তার পাশ থেকে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ শুধুমাত্র একটি বাসের টিকিট পায়, যার সূত্র ধরে তদন্ত এগোতে থাকে। অবশেষে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে মৃত যুবকের পরিচয় জানা যায়। তার বাড়ি ছিল মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকায়। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এসে দেহ শনাক্ত করেন। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যুবক একসময় সিআরপিএফ জওয়ান ছিলেন, কিন্তু কর্মক্ষেত্রে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

কেন এই প্রাক্তন জওয়ানকে খুন করা হলো, তা জানতে উত্তর প্রদেশ থেকে অভিযুক্ত বিএসএফ কর্মী অভিজিৎ হালদারকে গ্রেফতার করে অশোকনগর থানায় নিয়ে আসা হয়। রবিবার পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বারাসাত আদালতে পেশ করে। পুলিশ আশা করছে, জিজ্ঞাসাবাদে এই খুনের আসল কারণ বেরিয়ে আসবে।