বিএমডব্লিউ-এর ধাক্কায় প্রাণ গেল কেন্দ্রীয় সরকারি আধিকারিকের, নেপথ্যে কি প্রভাবশালী যোগ?

দিল্লিতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রবীণ আধিকারিক নভজ্যোত সিং। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁর স্ত্রী সন্দীপ কৌর। রবিবার দিল্লির ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাছে ঘটে এই দুর্ঘটনা।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ৫২ বছর বয়সী নভজ্যোত সিং তাঁর স্ত্রীকে নিয়ে বাইকে করে গুরুদ্বার থেকে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় একটি বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় তাঁরা দুর্ঘটনার শিকার হন। গাড়ির চালকের আসনে ছিলেন একজন মহিলা।

বিস্ফোরক অভিযোগ নভজ্যোত-এর পুত্রের

নভজ্যোতের পুত্র এই ঘটনা নিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছেন। তাঁর দাবি, দুর্ঘটনার পর তাঁর বাবা-মাকে কাছাকাছি কোনো হাসপাতালে ভর্তি না করে প্রায় ১৭ কিলোমিটার দূরে জিটিবি নগরের নুলাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, বিএমডব্লিউ চালক ওই মহিলাই তাঁদের হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ওই মহিলা সম্পর্কে কোনো তথ্য দিতে চায়নি, এবং একটি ভুয়া মেডিকো লিগাল সার্টিফিকেট তৈরি করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

পুলিশ জানিয়েছে, বিএমডব্লিউ চালকের নাম গগনপ্রীত। ঘটনার সময় তাঁর স্বামী পরীক্ষিৎ গাড়ির যাত্রীর আসনে বসে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, দুর্ঘটনা ঘটার পরপরই ওই মহিলা এবং তাঁর স্বামী আহত দুজনকে একটি ট্যাক্সিতে করে হাসপাতালে নিয়ে যান।

পুলিশ ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। বিএমডব্লিউ গাড়ি এবং বাইকটি আটক করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। নভজ্যোত-এর পুত্রের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত চালাচ্ছে। দুর্ঘটনার কারণ এবং এর পেছনের রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ।