‘আরও অনেক কাজ করতে হবে’-স্বপ্নের ফর্মে থাকা কুলদীপ এখনই হওয়ায় উড়তে নারাজ

ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব এবারের এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ৭ রানে ৪ উইকেট নেওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধেও ১৮ রানে ৩ উইকেট নিয়ে তিনি আবারও তার দক্ষতার প্রমাণ দিয়েছেন। এই ধারাবাহিক পারফরম্যান্সের জন্য কুলদীপ পরপর দুই ম্যাচে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ পুরস্কার পেয়েছেন।

তবে, নিজের সাফল্যের পরও কুলদীপ যাদব আত্মবিশ্বাসী হলেও আত্মসমালোচনায় মগ্ন। যখন তাঁকে প্রশ্ন করা হয় যে তিনি তার সেরা ফর্মে আছেন কি না, তিনি বলেন, “আমার এখনও মনে হয় আমাকে নিজের বোলিংয়ে আরও অনেক কাজ করতে হবে। আমি অনেক সময় বোলিংয়ে বেশি বৈচিত্র্য আনার চেষ্টা করি।” তিনি আরও জানান, মাঠে নেমে তাঁর মূল লক্ষ্য থাকে সহজ পরিকল্পনা বাস্তবায়ন করা এবং ব্যাটসম্যানের খেলার ধরন বুঝে বোলিং করা। পাকিস্তানের বিরুদ্ধেও তিনি একই কৌশল প্রয়োগ করে সফল হয়েছেন।

পাকিস্তানের বিরুদ্ধে পরপর দুই বলে দুই নওয়াজকে আউট করার বিষয়ে কুলদীপ বলেন, “নতুন ব্যাটারের বিরুদ্ধে প্রথম বলটি সবসময়ই উইকেট নেওয়ার মতো হয়। সেই মানসিকতা নিয়েই বোলিং করতে হয়।” তার মতে, এটি নতুন ব্যাটসম্যানকে দ্রুত চাপে ফেলার সেরা সুযোগ। কুলদীপের দুর্দান্ত বোলিংয়ের পর ভারতের হয়ে ব্যাটিংয়ে দাপট দেখিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তার ৪৭ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ভারত ২৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে পাকিস্তানকে পরাজিত করে।