খেলা বনাম রাজনীতি! হামলার পর ভারত-পাক ম্যাচ, ৬ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

পহেলগাম হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এই প্রেক্ষাপটেই এশিয়া কাপে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এমন টানটান উত্তেজনার ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান, কিন্তু শুরুতেই তারা ভারতের পেসারদের আক্রমণের মুখে পড়ে। মাত্র ৬ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে পাক দল।
হার্দিক-বুমরার যুগলবন্দী
ম্যাচের প্রথম বলেই পাকিস্তানের ওপেনার সাইম আয়ুবকে শূন্য রানে সাজঘরে ফেরান হার্দিক পান্ডিয়া। আয়ুবের ক্যাচটি নেন যশপ্রীত বুমরা। এরপর দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই ৩ রান করা মহম্মদ হ্যারিসকে প্যাভিলিয়নে পাঠান বুমরা। এবার ক্যাচ নেন হার্দিক। হার্দিক ও বুমরার এই দুর্দান্ত পারফরম্যান্স শুরুতেই পাকিস্তানের ব্যাটিং লাইন-আপে আঘাত হানে।
সাইম আয়ুবের জন্য এই টুর্নামেন্টের শুরুটা একেবারেই ভালো হয়নি। এর আগে ওমানের বিরুদ্ধেও তিনি প্রথম বলে শূন্য রানে আউট হয়েছিলেন। অর্থাৎ, এশিয়া কাপে এখনো পর্যন্ত মাত্র ২টি বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। অন্যদিকে, মহম্মদ হ্যারিস ওমানের বিরুদ্ধে ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও আজ ব্যর্থ হন।
ভারতীয় দলে অপরিবর্তিত একাদশ
প্রথম ম্যাচের একাদশেই ভরসা রেখেছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। দলটিতে আছেন এক স্পেশালিস্ট পেসার, তিন স্পিনার এবং দুই পেসার-অলরাউন্ডার। ওপেনিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন শুভমন গিল ও অভিষেক শর্মা। মিডল অর্ডারে আছেন সূর্যকুমার যাদব, তিলক ভর্মা এবং উইকেটকিপার সঞ্জু স্যামসন। পেসার-অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। স্পিন বিভাগের দায়িত্বে রয়েছেন অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। এই ম্যাচে জিতলেই সুপার ফোরে জায়গা নিশ্চিত করবে টিম ইন্ডিয়া।