গোপন গোডাউনে রেশনের চাল-আটা! হাওড়ায় বড়সড় রেশন দুর্নীতির পর্দাফাঁস, আটক ১

হাওড়ার জগৎবল্লভপুরে রেশন দুর্নীতির পর্দাফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বড়গাছিয়া স্টেশন রোড এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল ও আটা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গোডাউনের মালিক উত্তম দাসকে আটক করেছে পুলিশ এবং গোডাউনটি সিল করে দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে জগৎবল্লভপুর থানার পুলিশ জানতে পারে, গোডাউনটিতে সরকারি রেশন সামগ্রী গোপনে মজুত করে অন্য প্যাকেটে ভরা হচ্ছে। এরপর অভিযান চালিয়ে বস্তা বস্তা চাল ও আটা বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনা আবারও রেশন ব্যবস্থার অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছে।

ধৃতের আজব সাফাই

পুলিশের জেরায় গোডাউনের মালিক উত্তম দাস জানান, “আমাদের কাছে যখনই কোনো ভিখারি কিংবা বামন ঠাকুর জিনিস নিয়ে আসেন, তখন সেগুলো কেনা হয়। ভিখারি-বামন ঠাকুরের তো সরকারি চালই পান, মিনিকেট চাল তো পান না। মাল জঙ্গলপাড়ায় যাচ্ছে।” তাঁর এই মন্তব্যের পরই তদন্তকারীরা আরও সতর্ক হয়েছেন।

বড় চক্রের যোগের আশঙ্কা

পুলিশের ধারণা, শুধু উত্তম দাস একা নন, এই ঘটনার পেছনে একটি বড় চক্র সক্রিয় রয়েছে। এই চক্র সরকারি রেশন সামগ্রী কালোবাজারে বিক্রি করে মোটা টাকা রোজগার করছে। স্থানীয় বাসিন্দারাও বলছেন, রেশনের জিনিস নিয়ে এই ধরনের নয়ছয় অনেক দিন ধরেই চলছে এবং পুলিশ মাঝে মাঝে অভিযান চালালেও পরে আবার সব আগের মতোই হয়ে যায়।

ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং খাদ্য দফতরকে পুরো বিষয়টি জানানো হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।