এক পরিবারে সাতজনের মৃত্যু! গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা, জয়পুরে শোকের ছায়া

রাজস্থানের রাজধানী জয়পুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শিবদাসপুরা থানা এলাকার প্রহ্লাদপুরার কাছে রিং রোডের নিচে। গভীর রাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতরা হরিদ্বারে অস্থি বিসর্জন দিয়ে বাড়ি ফিরছিলেন। মৃতদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন মহিলা এবং দুইটি শিশু রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের নাম রামরাজ বৈষ্ণব, তাঁর স্ত্রী মধু ও ছেলে রুদ্র। এছাড়াও তাঁদের আত্মীয় কালুরাম, তাঁর স্ত্রী সীমা, ছেলে রোহিত এবং গজরাজ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এঁরা সবাই জয়পুরের ফুলিয়াবাস কেকরি এবং ভাটিকার বাসিন্দা।
শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটলেও, খবরটি রবিবার দুপুরের আগে পুলিশের কাছে পৌঁছায়নি। দুপুর সাড়ে ১২টা নাগাদ এক যুবক প্রথম ড্রেনের মধ্যে গাড়িটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে গাড়িটি উদ্ধার করে এবং মৃতদেহগুলো মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রিং রোডের নীচের আন্ডারপাসে বৃষ্টির কারণে প্রবল জল জমেছিল। গাড়িটি সেই জল বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে উল্টে যায়। অতিরিক্ত পুলিশ সুপার সুরেন্দ্র সিং এবং অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের আত্মীয়দের খবর দেওয়া হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় জয়পুরে শোকের ছায়া নেমে এসেছে।