‘আমাদের দেশ আমাদের ফিরিয়ে দাও’, স্লোগান তুলে ভারতীয় দোকানেই জলখাবার কিনল ব্রিটিশরা!

সম্প্রতি ব্রিটেনে অভিবাসন নীতির বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ সমাবেশ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, হাজার হাজার বিক্ষোভকারী ‘আমাদের দেশ আমাদের ফিরিয়ে দাও’ স্লোগান দিয়ে রাস্তায় নেমেছে, অথচ তারাই এক ভারতীয় খাবারের দোকানের সামনে ভিড় করে জলখাবার কিনছে।

কেন এই বিক্ষোভ?

শনিবার অভিবাসন ও ইসলাম বিরোধী নেতা টমি রবিনসনের নেতৃত্বে লন্ডনে এই বিশাল বিক্ষোভের আয়োজন করা হয়। এই বিক্ষোভে প্রায় ১ লক্ষ মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, অভিবাসীদের কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং ব্রিটিশদের চেয়ে অভিবাসীদের অধিকার আদালতে বেশি গুরুত্ব পাচ্ছে। বিক্ষোভের শুরুতে রবিনসন বলেন, ‘ব্রিটিশরাই এই দেশ তৈরি করেছে, অথচ এখন তারাই বঞ্চিত।’

ভাইরাল ভিডিওর আসল সত্য

বিক্ষোভকারীরা যখন ইংল্যান্ডের লাল-সাদা পতাকা হাতে নিয়ে প্রতিবাদ করছিল, তখনই ক্যামেরায় ধরা পড়ে এক অপ্রত্যাশিত দৃশ্য। একটি ভারতীয় খাবারের স্টলের সামনে বিক্ষোভকারীদের দীর্ঘ লাইন পড়ে গেছে। তারা সেই দোকান থেকে খাবার কিনছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অনেকেই এই ভিডিওটি শেয়ার করে মন্তব্য করেছেন, ‘যে অভিবাসীদের তারা তাড়াতে চায়, শেষ পর্যন্ত তাদেরই তৈরি করা দোকানে এসে খাবার কিনতে হচ্ছে।’ এই ভিডিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ব্রিটেনবাসী তাদের দৈনন্দিন জীবনে অভিবাসীদের ওপর কতটা নির্ভরশীল। ধনকুবের এলন মাস্কও এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘অশান্তির মেঘ ঘনিয়ে আসছে। হয় তোমাকে লড়তে হবে, নইলে মরতে হবে।’

যদিও এশিয়ানেট নিউজ বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি, তবে এটি বিশ্বজুড়ে অভিবাসন বিতর্কের নতুন দিক উন্মোচন করেছে।