শুভেন্দু গড়ে ধরাশায়ী বিজেপি! ৯-০ ব্যবধানে বিরাট জয় পেল তৃণমূল, খাতা খুলতে পারল না বাম-বিজেপি

আর মাত্র কয়েক মাস পরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে রাজনৈতিক দলগুলি নিজেদের রণকৌশল তৈরি করছে। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরে বিরাট জয় পেল তৃণমূল। অন্যদিকে, এই জেলায় সমবায় সমিতির নির্বাচনে ধরাশায়ী হয়েছে বিজেপি এবং বামেরা।

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুরে বিজেপি নিজেদের প্রভাব বিস্তার করছিল। বিধানসভা ও লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন সমবায় সমিতির নির্বাচনে বিজেপি প্রায়শই ভালো ফল করছিল। কিন্তু এবার সেই একই জেলায় একটি গুরুত্বপূর্ণ সমবায় সমিতির নির্বাচনে ৯টি আসনের সবকটিতেই জয়লাভ করেছে তৃণমূল।

গতকাল, শুক্রবার, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মহম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার পর দেখা যায়, এখানকার সবকটি আসনেই জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। বিপুল ভোটে তাদের জয়ের পর তৃণমূল কর্মীরা বিজয় মিছিল বের করে এবং আবির খেলে ‘অকাল হোলি’তে মেতে ওঠে।

এই নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে জয়ী প্রার্থীরা হলেন: অতুলচন্দ্র পাল, বিশ্বজিৎ মান্না, চয়ন কুমার মন্ডল, দিলীপ কুমার মান্না, গৌড় হরি ভৌমিক, মদনমোহন পাড়িয়া, ইন্দ্রানী মাইতি, রিনা রানী দাস এবং বিমল মন্ডল। তৃণমূলের দাবি, বিধানসভা নির্বাচনের আগে এই জয় তাদের দলের শক্তি বৃদ্ধি করবে এবং কর্মীদের মনোবল চাঙ্গা করবে।