টেসলায় নিয়োগ নিয়ে ইলন মাস্কের বিরুদ্ধে আদালতে মামলা, H-1B ভিসাধারীদের প্রাধান্য দেওয়ার অভিযোগ

ইলন মাস্কের ইলেকট্রিক গাড়ি সংস্থা টেসলার বিরুদ্ধে গুরুতর পক্ষপাতদুষ্টতার অভিযোগ এনেছেন আমেরিকানরা। তাদের অভিযোগ, টেসলা চাকরি দেওয়ার ক্ষেত্রে আমেরিকানদের বাদ দিয়ে H-1B ভিসাধারী বিদেশি কর্মীদের, বিশেষ করে ভারতীয়দের, প্রাধান্য দিচ্ছে। এই অভিযোগে ইলন মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্কট টাউব এবং মানবসম্পদ বিশেষজ্ঞ সোফিয়া ব্র্যান্ডার এই মামলাটি দায়ের করেছেন। তাদের অভিযোগ, টেসলা তাদের নিয়োগ করছে না কারণ তারা মার্কিন নাগরিক এবং তাদের কর্মসংস্থান স্পনসরশিপের প্রয়োজন নেই। টাউব অভিযোগ করেছেন, টেসলার অনেক পদ শুধুমাত্র H-1B ভিসাধারীদের জন্য সংরক্ষিত থাকায় তিনি আবেদন পর্যন্ত করতে পারেননি।

অন্যদিকে, সোফিয়া ব্র্যান্ডার জানান, টেসলায় পূর্বে চুক্তিবদ্ধ কর্মী হিসেবে কাজ করা সত্ত্বেও তাকে দুটি পদের জন্য সাক্ষাৎকার দিতে দেওয়া হয়নি। তাদের অভিযোগ, H-1B ভিসাধারী বিদেশিদের তুলনামূলকভাবে কম বেতন দেওয়া যায় বলেই ইলন মাস্ক আমেরিকানদের চেয়ে তাদেরই বেশি পছন্দ করছেন।

মামলায় ২০২৪ সালের ২৭ ডিসেম্বরের মাস্কের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি H-1B সিস্টেমের উপর নির্ভরতার কথা স্বীকার করেন। মাস্ক লিখেছিলেন, স্পেসএক্স এবং টেসলার মতো কোম্পানি তৈরিতে সহায়তাকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য H-1B ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মামলাকারীরা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যারা চাকরির আবেদন করেছেন বা যাদের চাকরি বাতিল করা হয়েছে, তাদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।