কাঠমান্ডুতে বিক্ষোভের বলি ভারতীয় তীর্থযাত্রী, প্রাণ বাঁচাতে হোটেল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভকারীদের আগুন ধরিয়ে দেওয়া হোটেল থেকে পালাতে গিয়ে এক ভারতীয় মহিলার মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা, ৫৫ বছর বয়সী রাজেশ গোলা তার স্বামী রামভীর সিংয়ের সঙ্গে পশুপতিনাথ মন্দির দর্শনের জন্য নেপালে গিয়েছিলেন। তারা কাঠমান্ডুর হায়াত রিজেন্সি হোটেলে উঠেছিলেন।
৯ সেপ্টেম্বর রাতে হঠাৎ করে বিক্ষোভকারীরা হায়াত রিজেন্সি হোটেলটি ঘিরে ফেলে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। ভেতরে আটকা পড়া অবস্থায় রাজেশ এবং তার স্বামী প্রাণ বাঁচাতে হোটেলের চতুর্থ তলা থেকে নিচে ঝাঁপ দেন। এতে তারা দুজনেই গুরুতর আহত হন।
স্বামী রামভীর সিং প্রাণে বাঁচলেও গুরুতর আহত রাজেশের হাসপাতালে মৃত্যু হয়। তার মৃতদেহ সোনাউলি সীমান্ত দিয়ে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং কাঠমান্ডুতে থাকা ভারতীয় নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।