পারফেক্ট ফ্যাশনের নজরকাড়া ফ্যাশন শো, পুজোয় বাজিমাত করতে আসছে নতুন ব্র্যান্ড!

দুর্গাপূজার আগে ফ্যাশন জগতে নতুন চমক নিয়ে হাজির হলো ‘পারফেক্ট ফ্যাশন হাউস’। সম্প্রতি এক জমকালো ফ্যাশন শোয়ের মাধ্যমে অনির্বাণ দে এবং আকাশ ভাটি তাদের এই নতুন ব্র্যান্ডটি লঞ্চ করলেন। ‘পারফেক্ট ফ্যাশন রানওয়ে নাইট’ নামের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা নিজেদের প্রতিভা তুলে ধরেন।

এই ফ্যাশন শোর অন্যতম আকর্ষণ ছিল দুর্গাপূজা থিম। আসন্ন উৎসবের কথা মাথায় রেখে দুর্গার বিভিন্ন রূপের আদলে পোশাক প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া ৩৫ জন প্রতিযোগী ‘পারফেক্ট ফ্যাশন হাউসের’ নিজস্ব পোশাক পরে র‍্যাম্পে হাঁটেন। তাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও ‘পারফেক্ট ফ্যাশন হাউসের’ কর্ণধার অনির্বাণ দে তার ব্র্যান্ডের প্রথম শো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, এতদিন তিনি বিভিন্ন অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন, কিন্তু এবার নিজের ব্র্যান্ডের পোশাক প্রদর্শন করে তিনি অত্যন্ত আনন্দিত।

অনির্বাণ বিশেষ করে কৃতজ্ঞতা জানান সেইসব প্রতিযোগীদের প্রতি, যারা শুধুমাত্র কলকাতা নয়, বরং আসানসোল, পুরুলিয়া, শিলিগুড়ি এবং এমনকি ঝাড়খণ্ড থেকেও এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। তিনি আরও জানান যে, এই প্রতিযোগীদের নিয়ে ভবিষ্যতে মিউজিক ভিডিও তৈরি করারও পরিকল্পনা রয়েছে।

পন্ডিত মল্লার ঘোষ এবং তার স্ত্রী মল্লিকা ঘোষসহ আরও অনেক বিশিষ্ট অতিথি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।