রাস্তা বন্ধ, তাই হেলিকপ্টারে পরীক্ষা দিতে গেল ৪ ছাত্র

প্রবল বৃষ্টি আর ভূমিধসের কারণে যখন উত্তরাখণ্ডের বহু রাস্তা বন্ধ, তখন সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর জন্য এক অভিনব পথ বেছে নিলেন চার ছাত্র। রাজস্থানের বালতোরা থেকে আসা চার বি.এড শিক্ষার্থী পরীক্ষা দিতে হেলিকপ্টার ভাড়া করে সোজা পৌঁছে গেলেন নিজেদের গন্তব্যে। এই ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে অনেকেই অবাক।

৪০ মিনিটে ৩০০ কিমি!
ওমারাম জাট, মাঙ্গারাম জাট, প্রকাশ গোদারা এবং নরপত কুমার – এই চারজনের পরীক্ষা ছিল ৩ সেপ্টেম্বর, উত্তরাখণ্ড ওপেন ইউনিভার্সিটিতে। শেষ সেমিস্টারের এই পরীক্ষা মিস করলে পুরো এক বছর নষ্ট হতো। ১ সেপ্টেম্বর তারা হালদ্বানিতে পৌঁছনোর পর জানতে পারেন, ভূমিধসের কারণে মুন্সিয়ারি যাওয়ার সব রাস্তা বন্ধ। এরপরই তারা হেলিকপ্টার ভাড়া করার সিদ্ধান্ত নেন।

একজন ছাত্র মাঙ্গারাম জাট জানান, ৪০ মিনিটের এই যাত্রায় প্রতি ছাত্রের খরচ হয়েছে ১০,৪০০ টাকা। প্রায় ৪০,০০০ টাকার বেশি খরচ হলেও, তারা সময়মতো মুন্সিয়ারি কলেজে পৌঁছে পরীক্ষায় বসতে পেরেছেন। তিনি বলেন, “খরচ বেশি হলেও আমাদের বছরটা বাঁচল।”

উত্তরাখণ্ডে দুর্যোগের বিভীষিকা
এই ঘটনার মাধ্যমে উত্তরাখণ্ডের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র উঠে এসেছে। রাজ্যটিতে টানা ভারী বর্ষণ ও মেঘভাঙা বৃষ্টির কারণে একাধিক জায়গায় ভূমিধস নেমেছে, যা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে এবং বহু মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে। চামোলি, রুদ্রপ্রয়াগ, তেহরি ও বাগেশ্বর জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ভূমিধস ও কাদাজলের স্রোতে প্রায় ৪০টি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে এবং বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে এবং প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখছে। অনেক পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এখনও বহু মানুষ বিপদের মধ্যে আটকে রয়েছেন।