সেপ্টেম্বর থেকে দুধের দাম বাড়ছে? নতুন জিএসটি-তে আমূলের বড় ঘোষণা

আগামী ২২ সেপ্টেম্বর থেকে দেশে কার্যকর হচ্ছে নতুন জিএসটি (GST) নিয়ম। এই নতুন নিয়মের ফলে দুধের দাম বাড়বে কিনা, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে জল্পনা। এই বিষয়ে দেশের অন্যতম শীর্ষ দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক সংস্থা আমুল (Amul) স্পষ্ট জানিয়েছে, পাউচ দুধের দামে কোনো পরিবর্তন আসবে না।
আমুলের পক্ষ থেকে জানানো হয়েছে, পাউচ দুধে ইতিমধ্যেই ০% জিএসটি প্রযোজ্য। তাই নতুন নিয়মেও এর দাম কমার কোনো সম্ভাবনা নেই। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF)-এর ম্যানেজিং ডিরেক্টর জায়েন মেহতা সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “প্যাকেটজাত দুধের দাম পরিবর্তনের কোনো পরিকল্পনা আমাদের নেই। এটি সবসময়ই ০% জিএসটি-র আওতায় আসে।”
তবে, সমস্ত ধরনের দুধের দাম অপরিবর্তিত থাকছে না। আল্ট্রা-হাই টেম্পারেচার (UHT) প্রক্রিয়াজাত দুধের ওপর জিএসটি ৫% থেকে কমে শূন্যে নেমে আসছে। ফলে ২২ সেপ্টেম্বর থেকে এই ধরনের দুধের দাম কমবে বলে নিশ্চিত করেছেন মেহতা। তিনি বলেন, “শুধুমাত্র দীর্ঘস্থায়ী UHT মিল্কের দামই কমতে চলেছে।”
UHT মিল্ক হলো বিশেষ ধরনের প্রক্রিয়াজাত দুধ, যা ১৩৫°C তাপমাত্রায় কয়েক সেকেন্ডের জন্য গরম করে জীবাণুমুক্ত করা হয়। এরপর এটি বিশেষ ধরনের প্যাকেজিং (যেমন: টেট্রা প্যাক) এ সংরক্ষণ করা হয়। এর ফলে এটি রেফ্রিজারেটর ছাড়াই প্রায় এক মাস পর্যন্ত ভালো থাকে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণা অনুযায়ী, নতুন “নেক্সট-জেন জিএসটি রিফর্ম”-এর লক্ষ্য হলো করের স্তর সহজ করা এবং গ্রাহকদের উপর চাপ কমানো। এই সংস্কারের ফলে ৫% এবং ১৮%— এই দুটি কর স্তর থাকবে, যা উৎসবের মরসুমে পরিবারগুলোর জন্য সুবিধা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।