পানিয়াহাটীর নিখোঁজ যুবক নেপালে, ফিরতে পারছে না দেশে! অশান্ত পরিস্থিতিতে চরম উদ্বেগে পরিবার

সাত মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন যুবক অভিষেকের খোঁজ মিলল অবশেষে। জানা গিয়েছে, তিনি নেপালের একটি আশ্রমে আছেন। কিন্তু বর্তমানে নেপালের রাজনৈতিক অস্থিরতা ও তীব্র গণবিক্ষোভের কারণে তাঁকে দেশে ফেরানোর প্রক্রিয়া আটকে গেছে। এতে উদ্বেগ বাড়ছে পরিবার ও হ্যাম রেডিওর সদস্যদের মধ্যে।

উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার বাসিন্দা অভিষেক ঘোষ (৩৫) গত সাত মাস ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে ঘোলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বহু খোঁজাখুঁজির পর হ্যাম রেডিওর মাধ্যমে জানা যায় যে অভিষেক নেপালের মানবসেবাশ্রম নামক একটি আশ্রমে আছেন। এরপরই তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়।

কিন্তু সম্প্রতি নেপালে রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তাল হয়ে উঠেছে। ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে তরুণ প্রজন্ম। সম্প্রতি ফেসবুক, ইউটিউব-এর মতো ২৬টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নিষিদ্ধ করার পর এই বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। দেশজুড়ে গণরোষের মুখে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

এই রাজনৈতিক অস্থিরতার কারণে নেপালের সঙ্গে যোগাযোগ প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলস্বরূপ, অভিষেকের মতো অনেক ভারতীয় নাগরিককে দেশে ফেরানোর কাজ থমকে গেছে। পরিবার, হ্যাম রেডিওর সদস্য এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতির উন্নতির জন্য অপেক্ষা করা হচ্ছে, যাতে অভিষেককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়।