বিধানসভায় নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ! অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু

বিধানসভার ভিতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কেন নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তাঁর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে এবং আগামী সপ্তাহে এর শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশের অনুমতি চেয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন জানিয়েছিলেন। সেই সময় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে জানান, বিধানসভার ভিতরে কোনো বিধায়ক বা মন্ত্রীকে নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না। নিরাপত্তারক্ষীরা বিধানসভার বাইরে অবস্থান করেন।
শুভেন্দু অধিকারীর আইনজীবীর অভিযোগ, অধ্যক্ষের এই নির্দেশ সবার জন্য প্রযোজ্য হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তা ব্যতিক্রম। মুখ্যমন্ত্রী প্রায়শই তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়েই বিধানসভার ভিতরে প্রবেশ করেন। অধ্যক্ষের এই ‘দ্বৈত নীতি’র বিরুদ্ধে প্রশ্ন তুলে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, এর আগে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশের আবেদন জানিয়েছিলেন। সেই মামলার শুনানিতে গত ২৮ আগস্ট কলকাতা হাইকোর্ট সরাসরি হস্তক্ষেপ করতে রাজি হয়নি। কারণ, বিধানসভার সচিবালয় আদালতকে জানায় যে, সমস্ত বিধায়ক এবং মন্ত্রীদের জন্য একটি নোটিশ জারি করা আছে, যেখানে বলা হয়েছে যে কেউ ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র-সহ বিধানসভার ভিতরে প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন যে, বিধানসভার আইন অনুযায়ী এই নোটিশ বলবৎ থাকবে এবং বিধানসভার সচিবকে দেখতে হবে যেন সব রাজনৈতিক দলের সদস্যদের জন্য একই নিয়ম সমানভাবে প্রযোজ্য হয়।
তবে শুভেন্দু অধিকারীর বর্তমান আবেদনের মূল বিষয় হলো, বিধানসভার পূর্ববর্তী নোটিশটি মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে কিনা, সেই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া।