বিস্ফোরক শুভেন্দু! স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের, কী অভিযোগ?

ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করা যায় না—কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এই মন্তব্যের পর এবার স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, বিধানসভার আইন লঙ্ঘন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করেছেন।
এর আগে শুভেন্দু অধিকারী ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশের অনুমতি চেয়ে একটি মামলা করেছিলেন। তখন তিনি অভিযোগ করেছিলেন যে তৃণমূল বিধায়করা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশ করলেও বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের ভেতরে ঢোকার অনুমতি নেই। সেই মামলার পর্যবেক্ষণে বিচারপতি অমৃতা সিনহা বলেন, বিধানসভার আইন অনুযায়ী কোনো বিধায়ক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে ভেতরে প্রবেশ করতে পারেন না। তবে তিনি বিধানসভার সচিবকে নির্দেশ দেন যেন এই নিয়ম সব রাজনৈতিক দলের সদস্যদের জন্য সমানভাবে প্রযোজ্য হয়।
শুভেন্দুর আইনজীবীর দাবি, স্পিকার নিজে বলেছেন কোনো বিধায়কের নিরাপত্তারক্ষীর বিধানসভায় প্রবেশের অধিকার নেই। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করেছেন, যা আদালতের রায়ের লঙ্ঘন। তিনি আরও দাবি করেছেন যে আদালত যেন বিধানসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেয়, যা প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।