অ্যাপেলের আইপ্যাডের জিপিএস ট্র্যাকার ধরিয়ে দিল চোরকে, হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৫০ লাখের সামগ্রী

নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে দামি গাড়ি, সোনা ও নগদ টাকাসহ প্রায় ৫০ লক্ষ টাকার জিনিসপত্র চুরি করার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের জালে ধরা পড়ল এক চোর। অ্যাপেলের আইপ্যাডের জিপিএস ট্র্যাকার তাকে ধরিয়ে দিয়েছে।
রবিবার রাতে নিউটাউনের ইউনি ওয়ার্ল্ড সিটির বাসিন্দা সৈয়দ তাজউদ্দিন তাঁর ফ্ল্যাটে ফিরে দেখেন, ঘরের সবকিছু তছনছ এবং তাঁর দামি গাড়িটি গ্যারেজে নেই। চোর নগদ টাকা, ল্যাপটপ, গয়না এবং একটি আইপড নিয়ে পালিয়েছে। তাজউদ্দিন দ্রুত টেকনোসিটি থানায় খবর দেন এবং মোবাইলের মাধ্যমে আইপডের জিপিএস লোকেশন ট্র্যাক করতে শুরু করেন।
জিপিএস লোকেশন ট্র্যাক করে তাজউদ্দিন জানতে পারেন, জিনিসপত্রসহ চোর হাওড়া স্টেশনে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল নিয়ে তিনি হাওড়া স্টেশনে পৌঁছান। সেখানেই সুজিত যাদব নামে ওই চোরকে হাতেনাতে ধরে ফেলা হয়।
পুলিশ জানিয়েছে, সুজিত যাদব একসময় তাজউদ্দিনের ফ্ল্যাটে পরিচালক হিসেবে কাজ করত। সম্প্রতি সে কাজ ছেড়ে দিলেও ওই এলাকার সবকিছু তার নখদর্পণে ছিল। সে জানত যে আইপ্যাডে একটি জিপিএস ট্র্যাকার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সে ওই আইপ্যাডটি নিয়ে পালিয়েছিল। তার পরিকল্পনা ছিল চুরি করা গাড়িটি রাস্তার পাশে রেখে ক্যাব ধরে হাওড়া স্টেশন হয়ে দিল্লি পালানোর। কিন্তু তার আগেই জিপিএস ট্র্যাকার তাকে ধরিয়ে দিল। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মূল্যবান সামগ্রীর মধ্যে রয়েছে গাড়ি, ল্যাপটপ, সোনার গয়না এবং নগদ টাকা।