ভেতরে রোগী, বাইরে দাউদাউ আগুন! বিধাননগর হাসপাতালে হঠাৎ কী হলো? দমকলের তৎপরতা

সদ্য মহকুমা হাসপাতাল হিসেবে স্বীকৃতি পাওয়া বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। হাসপাতালের বহির্বিভাগে এসি মেশিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করলে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন।
বুধবার সকালে হাসপাতালের বহির্বিভাগে এই ঘটনা ঘটে। আচমকা এসি মেশিন থেকে কালো ধোঁয়া বের হতে দেখে রোগী ও তাঁদের পরিজনেরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। হাসপাতালের কর্মীরা দ্রুত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান।
খবর পেয়েই দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের তৎপরতায় আগুন অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আসে। যদিও শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক অনুমান। ঘটনার খবর পেয়ে বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ সদস্য (স্বাস্থ্য) প্রণয় রায়ও হাসপাতালে যান। তিনি বলেন, “আগুন বড় আকার ধারণ করার আগেই তা নিভিয়ে ফেলা হয়েছে। কোনো রোগী বা হাসপাতালের কর্মীর কোনো ক্ষতি হয়নি।”
তবে এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। দমকল আধিকারিকরা ঘটনার কারণ খতিয়ে দেখছেন।