বিক্ষোভের আঁচ এবার ভারতে! নেপালের প্রসঙ্গ টেনে বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের

নেপালের রাজনৈতিক পরিস্থিতি এখন গোটা বিশ্বের নজর কেড়েছে। সেখানে ‘জেন জি’-দের বিক্ষোভে সরকারের পতন ঘটেছে এবং সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে। এই পরিস্থিতিতে নেপালের মতো পরিস্থিতি ভারতেও কামনা করে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
কী মন্তব্য করলেন হুমায়ুন কবীর?
ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “আর কবে? আপনারাও কি আমার মতো স্বপ্ন দেখেন? কবে যে আমাদের দেশের তানাশাহদের একই হাল হবে! অহিংস পথে দুর্নীতির শিরোমণিদের মুখোশ আর ফাইল খুলে যাবে।” রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মাধ্যমে তিনি নেপালের সাম্প্রতিক পরিস্থিতির দিকেই ইঙ্গিত করেছেন।
তৃণমূল শিবিরে অস্বস্তি
বিধায়ক হুমায়ুন কবীরের এই পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। তিনি কি শুধু কেন্দ্রীয় সরকারের দিকে ইঙ্গিত করেছেন, নাকি তার নিজের দলের দুর্নীতির প্রতিও পরোক্ষ কটাক্ষ করেছেন? বিশেষজ্ঞরা বলছেন, ‘তানাশাহ’ শব্দটি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে হলেও, রাজ্যের দুর্নীতি নিয়ে বিরোধীরা প্রশ্ন তোলায় এই মন্তব্য শাসক দলের জন্য অস্বস্তির কারণ হতে পারে।
গুঞ্জন শোনা যাচ্ছে যে, এই পোস্টকে হাতিয়ার করে বিরোধীরা সরব হতে পারে, তাই তৃণমূল দল হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
নেপালের বর্তমান পরিস্থিতি
উল্লেখ্য, নেপালের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারির পর থেকেই সেদেশের তরুণ সমাজ সরকারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু করে। এই বিক্ষোভে ২২ জনের প্রাণহানি ঘটেছে। এই পরিস্থিতিতে নেপালের সেনাবাহিনী দেশের দায়িত্ব নিয়েছে এবং যেকোনো ধরনের ভাঙচুর বা হামলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এই কারণে ভারত-নেপাল সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে।