কোয়েল মল্লিকের চোখে ‘পাওয়ার’, সেই চোখে মুগ্ধ তৃণা! মহালয়ায় মা অন্নপূর্ণা হয়ে কী বললেন অভিনেত্রী?

শারদীয়া দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে আসে মহালয়া। এই বছর মহালয়ার ভোরে টেলিভিশনের পর্দায় মা অন্নপূর্ণার রূপে ধরা দেবেন জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। এই চরিত্রে অভিনয় করে আপ্লুত তৃণা, তবে মহালয়ার সেরা দুর্গা হিসেবে তিনি বেছে নিলেন আরেকজন অভিনেত্রীকে।

মহালয়ায় দেবী অন্নপূর্ণা হিসেবে সুযোগ পেয়ে তৃণা সাহা বলেন, “এরকম চরিত্রে অভিনয় করাটা ভাগ্যের ব্যাপার। আমি খুব উপভোগ করেছি। এই ধরনের চরিত্র করাটা সম্মানের, আমি চেষ্টা করেছি আমার সেরাটা দিতে।” এই বিশেষ চরিত্রে তার সঙ্গে শিবের ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রজিৎ বসু। তৃণা জানান, মেকআপ আর্টিস্টরাও অন্নপূর্ণার স্নিগ্ধ ও সুন্দর রূপ ফুটিয়ে তুলতে অসাধারণ কাজ করেছেন।

তৃণার কাছে মহালয়ার সেরা দুর্গা কে? এই প্রশ্নের জবাবে তিনি এক মুহূর্তে কোয়েল মল্লিকের নাম নেন। তৃণা বলেন, “আমার কাছে কোয়েল দি’ই সেরা। শুটিংয়ের সময় আমি শুধু তাঁর চোখই দেখছিলাম। কোয়েল দি’র চোখে অদ্ভুত এক ক্ষমতা আছে।” ছোটবেলা থেকে তিনি কোয়েল মল্লিকের সিনেমার ভক্ত ছিলেন বলেও জানান।

ছোটবেলায় যৌথ পরিবারে ভোর চারটেয় রেডিওতে মহালয়া শোনার অভ্যাস এখনো মনে আছে তৃণার। তিনি বলেন, “এখন রেডিওতে শোনার চল কমে গেছে, সবাই টিভিতেই দেখে। আমিও দেখি। ছোটবেলার সেই দিনগুলো খুব মনে পড়ে।”

এবার পুজোর কোনো বিশেষ পরিকল্পনা নেই তৃণার। ষষ্ঠী পর্যন্ত শুটিং করে এরপর বিশ্রাম নেবেন এবং পুজো উপভোগ করবেন। তিনি জানান, আজও তিনি ছোটবেলার মতো পুজোর মেলায় যান, ফুচকা ও পাপড়ি চাট খান এবং কোনো ডায়েট মেনে চলেন না। অষ্টমীর অঞ্জলি শাশুড়ির সঙ্গে দেন এবং দশমীর সিঁদুর খেলা তার কাছে মাস্ট।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy