ছেড়ে যাওয়া’ সন্তানদের শূন্যতা ঢেকে দিল মায়ের আগমন! পুরুলিয়ার বৃদ্ধাশ্রমে প্রথমবার দুর্গাপূজা

পরিবারের অবহেলায় নিঃসঙ্গ জীবন কাটানো বৃদ্ধ-বৃদ্ধাদের মুখে হাসি ফোটাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে পুরুলিয়ার আদ্রার মণিপুর বৃদ্ধাশ্রম। এবার তাঁদের বাড়িতেই আসছেন মা দুর্গা, অনুষ্ঠিত হতে চলেছে প্রথমবার দুর্গাপূজা।
যাদের ছেলে-মেয়ে, নাতি-নাতনিরা অনেক আগেই নিজেদের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে, সেইসব অবহেলিত মানুষের কাছে দুর্গাপূজা মানে শুধু শূন্যতা আর একাকীত্ব। আগে প্রতি বছর তাঁদেরকে সাধারণ সম্পাদক নবকুমার দাস গাড়ি করে বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখাতে নিয়ে যেতেন। কিন্তু সেখানেও অবহেলা পিছু ছাড়ত না। বৃদ্ধাশ্রমের আবাসিক পল্টু চক্রবর্তী ও সত্য মাহাতোরা জানান, “আমাদের দেখে অনেকেই মুখ ফিরিয়ে নিত, ছুঁয়ে দেখতে চাইত না। মনে খুব কষ্ট হতো। কিন্তু এবার আর সেই কষ্টটা নেই, কারণ মা এবার আমাদের বাড়িতেই আসছেন।”
এই ব্যতিক্রমী উদ্যোগের নেপথ্যে রয়েছেন মণিপুর বৃদ্ধাশ্রমের সাধারণ সম্পাদক নবকুমার দাস। তবে তিনি একা নন, তাঁর এই মানবিক ভাবনার সঙ্গী হয়েছে গোটা মণিপুর গ্রাম। গ্রামবাসীদের আন্তরিক সহযোগিতায় এবার বৃদ্ধাশ্রমে সূচনা হলো দুর্গাপূজার এক নতুন অধ্যায়।
এই উদ্যোগ শুধু একটি উৎসব নয়, এটি এক মানবিক বার্তা। এবার পুজোয় মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করবেন সেইসব বৃদ্ধ বাবা-মায়েরাই, যাদের হাতে একসময় আমাদের ভবিষ্যৎ গড়ে উঠেছিল। আর পাশে থাকবেন নবকুমার দাসের মতো কিছু মানুষ, যাদের হৃদয়ে মানবিকতার প্রদীপ আজও উজ্জ্বল।