এবার বিজেপিকে তাড়াব, ২০২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের

এবার বিজেপিকে নিশানা করে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমের ইলামবাজার ব্লকে একটি রাজনৈতিক কর্মসূচি থেকে তিনি হুংকার দিয়ে বলেন, “২০১১ সালে সিপিএমকে তাড়িয়েছিলাম, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে তাড়াব।”

২০০৮ সালে বাম সরকারের আমলে অনুব্রত মণ্ডল বীরভূমের ইলামবাজারের জঙ্গলমহল এলাকায় আদিবাসীদের জন্য একটি মিলনমেলা শুরু করেছিলেন। ১৭ বছর পর সেই একই মঞ্চ থেকে তিনি বিজেপির বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করলেন।

জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার অনুব্রত বলেন, “২০০৮ সালে বলেছিলাম বীরভূম থেকে সিপিএমকে তাড়াব। ৩৪ বছর ধরে ওরা আমাদের শোষণ করেছে, সেই বাম সরকারকে আমরা সরিয়েছি। আমি কাউকে ভয় পাই না।”

এছাড়াও, দলীয় ঘোষণার আগেই তিনি বোলপুর বিধানসভার প্রার্থী হিসেবে চন্দ্রনাথ সিনহার নাম ঘোষণা করে দেন। এতে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনুব্রতর এই মন্তব্য এবং প্রার্থী ঘোষণা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল।