নেপালের পরিস্থিতি কি বাংলায় আসবে, ‘বিদেশমন্ত্রক আছে, টিপ্পনি করার দরকার নেই’, সাফ জানালেন শুভেন্দু

নেপালের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বারাসাতে একটি সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল, নেপালের মতো পরিস্থিতি কি পশ্চিমবঙ্গ বা ভারতেও হতে পারে? জবাবে তিনি বলেন, “আমাদের একটি বিদেশমন্ত্রক আছে, একজন মন্ত্রী আছেন এবং প্রধানমন্ত্রী আছেন। তাঁরা বিষয়টি দেখছেন। তাই এই বিষয়ে কারও টিপ্পনি করার দরকার নেই।”
এসআইআর নিয়ে কী বললেন শুভেন্দু?
নেপাল প্রসঙ্গে মন্তব্য করার পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়েও কথা বলেন। শুভেন্দু অধিকারী জানান, নির্বাচন কমিশন আজই দিল্লিতে রাজ্যগুলোর মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে। সেখানেই এসআইআর-এর নির্দেশিকা প্রকাশ করা হতে পারে, যার পর বিএলও-দের কাজ শুরু হবে।
উল্লেখ্য, বিহারে সম্প্রতি এসআইআর-এর ফলে কয়েক লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যা নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ডকে নথি হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন এবং এসআইআর-এর বিরোধিতা করেছেন। এই প্রেক্ষাপটে শুভেন্দুর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কটাক্ষ
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকেও কাঠগড়ায় তোলেন। তিনি অভিযোগ করেন, “পশ্চিমবঙ্গে সবাই আক্রান্ত। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে বিরোধী দলনেতার কনভয়ও হামলার শিকার হয়েছে। অথচ রাজ্যের পুলিশ অসহায়ভাবে টেবিলের নিচে আশ্রয় নেয়।” তিনি আরও বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কর্মকর্তাদের উপরেও হামলা হয়েছে, কিন্তু পুলিশ নীরব দর্শক হয়ে থাকে।