দুর্গাপূজার আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর! বড় ঘোষণা করলেন মমতা

পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে বিশ্বকর্মা পুজোতেও ছুটি পাবেন সরকারি কর্মীরা। জলপাইগুড়ির প্রশাসনিক সভা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “পরিযায়ী শ্রমিকদের সম্মানে এবার থেকে বিশ্বকর্মা পুজোতেও ছুটি থাকবে। আমরা চাই আমাদের শ্রমিকরা ভালোভাবে পুজো করুক, তারা ছুটিটা পাক।” এর আগে মুখ্যমন্ত্রী বারবার পরিযায়ী শ্রমিকদের বাংলা ভাষায় কথা বলার কারণে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিতাড়িত হওয়ার এবং বাংলাদেশি তকমা পাওয়ার বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন। এবার তাদের সম্মানেই একটি নতুন ছুটির দিন ঘোষণা করলেন। এর ফলে পুজোর আগে রাজ্য সরকারি কর্মীরা আরও একটি অতিরিক্ত ছুটি পাবেন।

আধার কার্ড নিয়েও ঘোষণা
উত্তরবঙ্গে তিন দিনের সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সফরের দ্বিতীয় দিনে জলপাইগুড়িতে প্রশাসনিক সভা থেকে তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। যাদের আধার কার্ড নেই, তাদের জন্য ‘দুয়ারে সরকার’ প্রকল্পের মাধ্যমে আধার কার্ড করে দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসকদের। তিনি বলেন, “দুয়ারে সরকারের মাধ্যমে আধার কার্ড করে দিতে বলব জেলাশাসককে। নাহলে সমস্যা হবে।” একই সভায় তিনি নেপালের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

এর আগে সরকার বিরসা মুন্ডার জন্মবার্ষিকী, হুল দিবস এবং করম পুজোতেও সরকারি ছুটির কথা ঘোষণা করেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো বিশ্বকর্মা পুজো।